Barak UpdatesHappeningsBreaking News
শ্রীভূমিতে নিখোঁজ বিজেপির বুথ সভাপতির মৃতদেহ উদ্ধার, পালানোর চেষ্টায় পুলিশের গুলিতে আহত অভিযুক্ত
ওয়েটুবরাক, ১৪ আগস্ট: শ্রীভূমি জেলায় দু’দিন ধরে নিখোঁজ বিজেপি বুথ সভাপতি বিকাশ ধরের মৃতদেহ আজ উদ্ধার হয়েছে। সকালে ত্রিপুরা সীমান্ত সংলগ্ন লোয়ারপোয়া গ্রাম পঞ্চায়েতের যোগীছড়া এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে বিকাশ ধরের মৃতদেহ উদ্ধার করা হয়।
নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। শ্রীভূমির সিনিয়র পুলিশ সুপার লিনা দোলেও ঘটনাস্থলে গিয়ে তদন্তের তদারকি করেন। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সিভিল হাসপাতালে পাঠানো হয়।
মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন থাকায় তাঁকে খুন করা হয়েছে বলে সন্দেহ তৈরি হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে পুলিশ এখনও কিছু জানায়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করা হয়েছে। তবে জিজ্ঞাসাবাদের সময় ওই অভিযুক্ত তাঁদের হেফাজত থেকে পালানোর চেষ্টা করে। তখন পুলিশ গুলি চালায় এবং অভিযুক্তের পায়ে গুলি লাগে। আহত অভিযুক্তকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে।
তদন্তকারীদের ধারণা, এই ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকতে পারে। তাদের শনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা গোটা তদন্তের ওপর নজর রাখছেন।
ঘটনার বিবরণ দিয়ে পুলিশ জানিয়েছে, বুধবার বিকেলে একটি ফোন পাওয়ার পর মোটরসাইকেল নিয়ে বাজারিছড়া থানার ছাগলমোয়া গ্রামের বাড়ি থেকে বেরিয়েছিলেন বিকাশ ধর। এরপর আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়ার পর বাজারিছড়া থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়।
স্থানীয় বিধায়ক তথা অসমের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বিকাশ ধরের পরিবারের সঙ্গে দেখা করেন। তাঁকে খুঁজে বের করতে প্রশাসন ও পুলিশকে তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি।


