India & World UpdatesHappeningsBreaking News

সিএসআর তহবিলের নামে ২০০ কোটির দুর্নীতির অভিযোগ, ইডির তল্লাশি

ওয়েটুবরাক, ৭ অক্টোবর: রাষ্ট্রায়ত্ত সংস্থা ও সরকারি ব্যাঙ্কের শীর্ষ কর্তাদের ঘুষ দিয়ে সিএসআর তহবিল হাতিয়ে নেওয়া এবং পরে সেই অর্থ নগদে ফেরত দেওয়ার একটি চক্রের সন্ধান পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রাথমিক তদন্তে প্রায় ২০০ কোটি টাকা এই প্রক্রিয়ায় ঘোরানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা।

ইডির দাবি, দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা ধর্মেন্দ্র কুমার চন্দ্রদেব প্রায় তিন দশক ধরে নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে একাধিক ট্রাস্ট পরিচালনা করছিলেন। কর্পোরেট সংস্থাগুলির সিএসআর অনুদান ওই ট্রাস্টগুলিতে জমা পড়ার পর কমিশন কেটে তার বড় অংশ নগদে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে ফেরত দেওয়া হত।

গত ১ অক্টোবর মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, গুজরাট ও দিল্লি-এনসিআরের আটটি জায়গায় তল্লাশি চালিয়ে ইডি নথি, আর্থিক লেনদেনের তথ্য এবং ২১ লক্ষ টাকা হিসাব-বহির্ভূত নগদ উদ্ধার করেছে।

তদন্তে অন্তত ৪০টি পিএসইউ ও সরকারি ব্যাঙ্কের সিএসআর অনুদানের তথ্য পাওয়া গেছে। ইডির অভিযোগ, বহু প্রকল্প আংশিকভাবে সম্পন্ন বা আদৌ বাস্তবায়িত হয়নি। ভুয়ো ও শেল সংস্থার মাধ্যমে অর্থ সরানো এবং মধ্যস্থতাকারীদের কমিশন ও ঘুষ দেওয়ারও প্রমাণ মিলেছে।

ইডি জানিয়েছে, সিএসআর-এর অর্থ প্রথমে অভিযুক্তদের ট্রাস্টে এবং পরে বাজারের কিছু অপারেটরের নিয়ন্ত্রণাধীন শেল সংস্থার মাধ্যমে ঘোরানো হত। এসব সংস্থার কয়েকটির নাম জিএসটি জালিয়াতির তদন্তেও উঠে এসেছে। ঘটনার তদন্ত চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker