Barak UpdatesHappeningsBreaking News

সন্তোষ-কবীন্দ্রর মতো সংসদে একসঙ্গে সুস্মিতা-কণাদ

ওয়েটুবরাক, ১০ জুনঃ রাজ্যসভায় পৌঁছাতে কণাদ পুরকায়স্থের সামনে আর কোনও বাধা রইল না। দুই আসনের জন্য তৃতীয় কোনও প্রার্থী না থাকায় মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পেরিয়ে গেলেই অগপর বীরেন্দ্র প্রসাদ বৈশ্য সহ তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বলে ঘোষণা করা হবে। তাতে এক সঙ্গে রাজ্যসভায় বসবেন বরাক উপত্যকার দুইজন। সুস্মিতা দেব ও নবনির্বাচিত কণাদ পুরকায়স্থ।

দুইবারের রাজ্যসভা সদস্য সুস্মিতা দেব পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত হলেও তিনি শিলচরের নেত্রী, সন্তোষ মোহন দেবের কন্যা ৷ ১৯৯১ সালে সন্তোষমোহন ত্রিপুরা থেকে লোকসভায় নির্বাচিত হলে কবীন্দ্র পুরকায়স্থ শিলচরের সাংসদ হন। সে বার বরাক উপত্যকার দুইজন লোকসভায় ছিলেন। এ বার রাজ্যসভায় থাকবেন তাঁদের পুত্রকন্যা।

অসমে রাজ্যসভায় মোট সাতটি আসন রয়েছে৷ কংগ্রেস আমলে একটি আসন বঙ্গভাষী প্রধান বরাক উপত্যকার জন্য অলিখিত ভাবে নির্দিষ্ট ছিল৷ ১৯৫৭ সালে এই উপত্যকা থেকে প্রথম রাজ্যসভার সদস্য হন সুরেশ দেব৷ মহীতোষ পুরকায়স্থ, নৃপতিরঞ্জন চৌধুরী, কমলেন্দু ভট্টাচার্য ও কর্ণেন্দু ভট্টাচার্যের পর এই ধারায় ব্যতিক্রম ঘটে৷ কংগ্রেস একবার সন্তোষমোহন দেবকে প্রার্থী করলেও পরাস্ত হন তিনি৷ গত বছর উপনির্বাচনে প্রার্থী বাছাইর সময় বিজেপি প্রথমবার বরাক উপত্যকার মিশনরঞ্জন দাসকে মনোনীত করে৷ এ বার কণাদ নির্বাচিত হওয়ায় বরাক উপত্যকা তথা বাঙালি প্রতিনিধিত্বেই ভরসা রাখল বিজেপি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker