Barak UpdatesHappeningsBreaking News
শ্রুতিতীর্থ ভট্টাচার্যকে লায়ন্স ভ্যালি ভিউর সংবর্ধনা

ওয়েটুবরাক, ২৫ অক্টোবর: ‘লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ”-র পক্ষ থেকে আজ শনিবার পেনশনার্স ভবনে, শিলচরের শ্রুতিতীর্থ ভট্টাচার্যকে সংবর্ধনা জানানো হয়েছে। শ্রুতিতীর্থ ওরফে তাতার এ বছরের অল ইন্ডিয়া সিএসআইআর ইউজিসি নেট পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন।
এই সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত। সম্মানিত অতিথি কালাইন ব্লক ডেভেলপমেন্ট অফিসার পারমিতা দে। ছিলেন গাইডিং লায়ন সঞ্জীব রায়, লায়ন সব্যসাচী রুদ্রগুপ্তও।

কৃতী শ্রুতিতীর্থকে সংবর্ধনার পাশাপাশি তাঁর রত্নগর্ভা মা শান্তা ভট্টাচার্যকেও এই অনুষ্ঠানে সম্মানিত করা হয়। পরে সংক্ষিপ্ত বক্তৃতায় শ্রুতিতীর্থ জানিয়েছেন, এই সাফল্য অর্জনের লক্ষ্যে তিনি দৃঢ় সংকল্পের সঙ্গে পরিশ্রম করেছেন। তিনি উপস্থিত ছাত্র-যুবদের উদ্দেশে বিভিন্ন মূল্যবান পরামর্শ প্রদান করেন।
প্রসঙ্গত, শ্রুতিতীর্থ বিশিষ্ট সাংবাদিক তমোজিৎ ভট্টাচার্য ও বিজ্ঞানশিক্ষিকা শান্তা ভট্টাচার্যের একমাত্র সন্তান। ক্লাব ভ্যালি ভিউর কর্মকর্তারা তার এই বিশেষ সাফল্যের জন্য পিতামাতাকেও শুভেচ্ছা জানিয়েছেন। সেইসঙ্গে শ্রুতিতীর্থের উত্তরোত্তর উন্নতি কামনা করেন।


