Barak UpdatesHappeningsBreaking News

শিল্পাঙ্গনের ২৫ বছর : ১ নভেম্বর থেকে শিলচরে দুদিনের ঐতিহ্যবাহী সরাচিত্র কর্মশালা

ওয়েটুবরাক, ৩১ অক্টোবর: শিলচর তথা বরাক উপত্যকার শিল্প ও কারুশিল্পের এক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ‘শিল্পাঙ্গন’ রজতজয়ন্তী বর্ষ উদযাপনের বছর ব‌্যাপী কার্যসূচি হাতে নিয়েছে। এর অঙ্গ হিসেবে আগামী ১ এবং ২ নভেম্বর ঐতিহ্যবাহী সরা পেইন্টিং নিয়ে কর্মশালা হবে। শিল্পাঙ্গনের এই ব্যতিক্রমী উদ্যোগে সহযোগী থাকবে টিচার্স ট্রেনিং কলেজ (টিটিই শিলচর) এবং সেন্টার ফর ইন্ডিয়ান নলেজ সিস্টেম আসাম বিশ্ববিদ্যালয়। সহায়তায় থাকবে প্রবালিনী আর্ট ফাউন্ডেশন। অনুষ্ঠানস্থল টিচার্স ট্রেনিং কলেজ, শিলচর।

১ নভেম্বর সকাল ১০ টায় কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এই উদ্বোধনী পর্বে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ। সম্মানীয় অতিথি শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান কঙ্কননারায়ণ শিকিদার, আসাম বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইন্ডিয়ান নলেজ সিস্টেম-এর পরিচালক অধ্যাপক মুলাঙ্কেল গঙ্গাভূষণ এম, আসাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক নির্মলকান্তি রায়, শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র শিলচরের অধ্যক্ষা ড. অপর্ণা ভট্টাচার্য। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রজতজয়ন্তী উদযাপন সমিতির সভাপতি নীহাররঞ্জন পাল। উক্ত কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে থাকবেন কাছাড়ের পানিভরার প্রখ‌্যাত মৃৎশিল্পী গান্ধী পাল এবং বাপ্পন পাল।

 এছাড়া এদিন গত ১৪ই আগস্ট শিল্পাঙ্গনের অন‌্যতম প্রতিষ্ঠাপক বরাকের বিশিষ্ট চিত্র শিল্পী ‘প্রশান্ত শীল স্মৃতি অনলাইন চিত্র প্রতিযোগিতার পুরস্কার’ও দেওয়া হবে বলে রজতজয়ন্তী উদযাপন সমিতির সাধারণ সম্পাদক তথা শিল্পাঙ্গনের অধ্যক্ষ সন্দীপন দত্ত পুরকায়স্থ জানিয়েছেন।

উল্লেখ্য, গত ১৬ আগস্ট আসাম বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইন্ডিয়ান নলেজ সিস্টেমস (আইকেএস) এবং ন্যাশনাল সার্ভিস (এনএসএস) সহ শিল্পাঙ্গনের সহযোগিতায় কাছাড়ের পানিভরা গ্রামে ঐতিহ্যবাহী কাদামাটি ভিত্তিক শিল্পের উপর একদিনের হাতে কলমে প্রশিক্ষণ কর্মশালা ‘মৃত্তিকা’ আয়োজন করে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker