Barak UpdatesAnalytics
শিলচরে ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ৮ম মিস্টার অ্যান্ড মিস বরাকভ্যালি চ্যাম্পিয়নশিপ

ওয়ে টু বরাক, ২৪ সেপ্টেম্বর : বডিবিল্ডিং ও ফিটনেসকে কেন্দ্র করে বরাক বডিবিল্ডিং অ্যান্ড ফিটনেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও শিলচর জিমখানা-র সহযোগিতায় আগামী ২৭ সেপ্টেম্বর রবিবার শিলচরে অনুষ্ঠিত হতে চলেছে ৮ম মিস্টার অ্যান্ড মিস বরাকভ্যালি বার্ষিক জেলা চ্যাম্পিয়নশিপ ২০২৬। শিলচরের ঐতিহ্যবাহী গান্ধীভবন প্রেক্ষাগৃহে এ দিন দুপুর দুটো থেকে এই প্রতিযোগিতা আরম্ভ হবে এবং সন্ধ্যা ৬টায় প্রতিযোগিতায় আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন বরাক বডিবিল্ডিং ও ফিটনেস অ্যাসোসিয়েশনের সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য।
বরাক বডিবিল্ডিং ও ফিটনেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজদীপ অধিকারী (রাজা) জানান, তাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিলচরের বিধায়ক ডাঃ রাজদীপ রায়। এছাড়াও সম্মানীয় অতিথিদের মধ্যে থাকবেন শিলচর স্পোর্টিং ক্লাবের সভাপতি ড. অনুপ কুমার রায়, কাছাড় জেলা পরিষদের সভাপতি কঙ্কন নারায়ণ শিকদার, বিজেপি অসম প্রদেশের ট্রেড সেলের আহ্বায়ক বিবেক পোদ্দার, ডিএসএ শিলচরের সভাপতি শিবব্রত দত্ত, সমাজসেবী ধ্রুব বাল্মিকী এবং নেতাজি স্পোর্টিং ক্লাব এনজিও, শিলচরের সভাপতি সন্তোষ কুমার দে।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত থাকবেন ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন ইন্ডিয়া-র সভাপতি তথা আন্তর্জাতিক বিচারক ধীরাজ মোহন দাস । এই প্রতিযোগিতাকে সফল করে তোলার জন্য বডিবিল্ডিং, ফিটনেসপ্রেমী এবং ক্রীড়ানুরাগীদের এই বার্ষিক প্রতিযোগিতায় উপস্থিত থাকার জন্য সাদর আমন্ত্রণ জানিয়েছেন তিনি। অনুষ্ঠান সংক্রান্ত তথ্য ও সহযোগিতার জন্য রাজা অধিকারীর সঙ্গে ৯৩৯৫৪০৭৩৬৭ অথবা ৬০০৩৫২১২৯১ নম্বরে যোগাযোগ করা যাবে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে।
উল্লেখ্য, ২৭ সেপ্টেম্বরের প্রস্তুতি নিয়ে আয়োজিত আজকের এই প্রস্তুতি বৈঠকে অন্যান্যদের মধ্যে শতাব্দী চক্রবর্তী, সানু দে প্রমুখ উপস্থিত ছিলেন।



