Barak UpdatesHappeningsCultureBreaking News
শিলচরে নাটকে পেশাদারিত্ব, শুরুতেই কিস্তিমাত আজকের প্রজন্ম-ভাবীকালের

ওয়েটুবরাক, ১৮ এপ্রিলঃ শিলচরের নাট্যজগতে পেশাদারিত্ব আনার সংকল্প নিয়ে মাঠে নেমেছে আজকের প্রজন্ম এবং ভাবীকাল থিয়েটার গ্রুপ। শুরুতেই কিস্তিমাত করল তারা। ছয়শো আসনের বঙ্গভবনের ৭৫ শতাংশ সদস্যপত্র ফুরিয়ে গিয়েছে। ‘কিস্তিমাত’ নাটকটি দেখার জন্য শুধু একশো-দুইশো টাকা মূল্যের পাসই নয়, বহুমূল্যের ডোনারস পাসও মানুষ কিনে নিচ্ছেন। প্রথম পদক্ষেপে হাউসফুল না হলেও, তাঁরা নিশ্চিত, ফাঁকা আসন খুঁজে পেতে কষ্টই হবে।
নাটক মঞ্চস্থ হবে রবিবার, সন্ধ্যা ছয়টায়। নির্দেশক আজকের প্রজন্মের সায়ন বিশ্বাস। মঞ্চের দুই কুশীলব ভাবীকালের শান্তনু পাল ও গণসুরের সুব্রত রায় (শম্ভু)। মঞ্চের বাইরে থাকবেন সুদীপ্ত চক্রবর্তী (সৌম্য), মাধুর্য চৌধুরী, সেবায়ন রায়চৌধুরী, অঙ্কন কংসবণিক, স্বপনকান্তি কর, সায়ন্তনী পাল মিঠি, রূপরাজ দেব, দীপক পাল প্রমুখ।অ্যান্থনি শেফার্ডের লেখা স্লুইথ নাটকটিই আসলে সুব্রত রায়-শান্তনু পালের ‘কিস্তিমাত’। এটিকে বঙ্গানুবাদ করেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রী কল্পিতা দেব।
সায়ন জানান, শিলচরের বুকে নাটকে পেশাদারিত্ব মানে তাঁদের সবাইকে সম্মান-দক্ষিণা দেওয়া, তা নয়। শুধু সদস্যপত্রের মাধ্যমে প্রযোজনার খরচটা তুলে আনতে পারলেই আমরা সফল বলে মনে করি। সে লক্ষ্য তাঁরা ছুঁযে ফেলতে পেরেছেন বলেই জানালেন শান্তনু-সায়ন। তাঁরা আনন্দিত যে, এই নাটকটি করতে গিয়ে এখনও একটি টাকাও পকেট থেকে যায়নি এবং যাবে না বলেও আশাবাদী। পাশাপাশি অনলাইন বুকিং তাদের অনেকটা ভরসা জুগিয়েছে। শিলচরে অনলাইনে নাটকের সদস্যপত্র সংগ্রহ এই প্রথম। সেখানেও তাঁরা আশাব্যঞ্জক সাড়া পেয়েছেন বলেই সংবাদিকদের জানান। বললেন, ২০ শতাংশ আসনের দর্শক অনলাইনে সদস্যপত্র নিয়েছেন।
‘এই প্রথম’ বলতে গেলে ‘কিস্তিমাত’-এ অনেক কিছু। শান্তনু জানান,দুই নাট্য সংগঠন মিলে একটি নাট্য প্রযোজনা, এও এর আগে এখানে হয়নি। সুব্রত রায় (শম্ভু) আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, ‘কিস্তিমাত’ বিনোদনমূলক নাটক। যাঁরা আড়াই ঘণ্টার নাটকটি দেখতে যাবেন, তাঁদের হতাশ হতে হবে না।


