India & World UpdatesHappeningsBreaking News

রাশিয়া এবং বেলারুশের যৌথ সামরিক মহড়ায় যোগ দিচ্ছে ভারত

ওয়েটুবরাক, ১৭ সেপ্টেম্বর: রাশিয়া এবং বেলারুশের নেতৃত্বাধীন পাঁচ দিনের যৌথ মহড়ায় যোগ দেবেন ৬৫ জন ভারতীয় জওয়ান। রাশিয়ার সরকারি সংস্থা তাস জানিয়েছে, মস্কোর সঙ্গে তাদের দীর্ঘস্থায়ী প্রতিরক্ষা সম্পর্ককে মজবুত করতে এই সামরিক মহড়ায় যোগ দিচ্ছে নয়াদিল্লি।

রাশিয়া এবং বেলারুশের এই যৌথ সামরিক মহড়ায় দেশ-বিদেশের প্রায় এক লক্ষ সেনাকর্মী যোগ দিয়েছেন। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বোমারু বিমান, যুদ্ধজাহাজ, ভারী কামান— এমন নানা ধরনের যুদ্ধসামগ্রী ব্যবহার হচ্ছে এই মহড়ায়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে সামরিক সাজে এই যৌথ মহড়া পরিদর্শন করতে গিয়েছিলেন নিঝনি নভগোরদ শহরের মুলিনো প্রশিক্ষণকেন্দ্রে। উল্লেখ্য, এই কেন্দ্রেই রয়েছেন ভারত থেকে যাওয়া জওয়ানেরা। পুতিন বলেন, ‘‘প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা এবং সম্ভাব্য হুমকি মোকাবিলায় প্রস্তুতি সারতেই এই মহড়া।’’

বিশ্ব কূটনৈতিক মহলে ভারতের এই পদক্ষেপ নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে। প্রশ্ন উঠেছে, কেন এই মহড়ায় যোগ দিল ভারত? নয়াদিল্লির বক্তব্য, ভারত এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক দীর্ঘদিনের। শুধু কূটনৈতিক সম্পর্ক নয়, দু’দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্কের ইতিহাস অনেক দীর্ঘ। সেই সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যেই ভারত যোগ দিয়েছে এই মহড়ায়। পাশাপাশি, দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আরও দৃঢ় করার উদ্দেশ্যও রয়েছে মহড়ায় যোগদানের নেপথ্যে।

 

অতীতেও এই মহড়ার আয়োজন করেছে রাশিয়া এবং বেলারুশ। ভারতও তাতে যোগ দিয়েছে। আবার এক বার যৌথ মহড়ায় সেনা পাঠাল নয়াদিল্লি। তবে অন্য বারের তুলনায় এ বার ভারতের যোগ নিয়ে চর্চার অন্যতম কারণই হল নয়াদিল্লি-ওয়াশিংটনের সম্পর্কের টানাপড়েন। রাশিয়ার থেকে অপরিশোধিত তেল কেনার কারণে ভারতের উপর ‘জরিমানা’ হিসাবে ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করেছে আমেরিকা। শুধু তা-ই নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তাঁর প্রশাসন বার বার এ-ও হুঁশিয়ারি দিচ্ছে, যদি ভারত রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ না করে তবে আরও শুল্ক আরোপ করা হবে। আমেরিকা চায়, বিশ্বের অন্য প্রধান দেশগুলি বিশেষত ইউরোপের দেশগুলিও শুল্ক আরোপ করুক ভারতের উপর। তবে আমেরিকার হুঁশিয়ারির পরেও ভারত নিজের অবস্থানে অনড়। নয়াদিল্লি স্পষ্ট জানিয়েছে, রাশিয়া থেকে তেল কেনা বন্ধের কোনও সম্ভাবনা নেই!

 

সেই আবহে রাশিয়া-বেলারুশের যৌথ মহড়ায় ভারতের যোগ খুবই তাৎপর্যপূর্ণ বলে দাবি অনেকের। তবে এই মহড়ায় শুধু ভারতের জওয়ানেরা যোগ দিচ্ছেন, তা নয়। ইরান, বাংলাদেশের মতো দেশগুলিও প্রতিনিধি পাঠিয়েছে। এ ছাড়াও, মার্কিন কর্তারাও এই মহড়ায় যোগ দিচ্ছেন, যা যথেষ্ট উল্লেখযোগ্য। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ চালিয়ে যাওয়া এবং এখনও পর্যন্ত আলোচনার টেবিলে না-বসায় ক্ষুব্ধ ট্রাম্প। রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে টানাপড়েনও চলছে। মস্কোর দিকেও উড়ে এসেছে ট্রাম্প প্রশাসনের শুল্ক চাপানোর হুঁশিয়ারি। সেই আবহে মার্কিন প্রতিনিধিদের মহড়ায় যোগ দেওয়ার নেপথ্যে অন্য কোনও সমীকরণ রয়েছে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। মার্কিন প্রশাসনের একাংশের মতে, বেলারুশের সঙ্গে সম্পর্ক উন্নতি করতে চায় আমেরিকা। সেই লক্ষ্যেই এই মহড়ায় যোগ দেওয়ার সিদ্ধান্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker