Barak UpdatesHappeningsBreaking News
রবিবার বড়খলায় বঙ্গ সাহিত্যের কেন্দ্রীয় বার্ষিক সভা

ওয়েটুবরাক, ১৭ জুন: বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় বার্ষিক সভা এ বার বড়খলায় অনুষ্ঠিত হবে। আগামী ২২ জুন অনুষ্ঠেয় কেন্দ্রীয় সাধারণ সভায় প্রতিনিধি হিসেবে কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দি জেলার বিশিষ্ট লেখক, শিল্পী, শিক্ষাবিদ, ইতিহাসবিদ, ভাষাবিদ সহ সম্মেলনের সদস্য ও পদাধিকারীরা উপস্থিত থাকবেন।
প্রতিনিধি সম্মেলনের পর ওই দিন বিকেল তিনটায় স্থানীয় মাতৃভাষাপ্রেমী বিশিষ্টজনের উপস্থিতিতে আয়োজিত হবে ‘সমাপন অনুষ্ঠান’। এতে সম্মেলনের পক্ষ থেকে বড়খলা অঞ্চলের কৃতী সন্তান, কৃতী পড়ুয়া, সমাজসেবী, সাহিত্যিক, শিক্ষাবিদদের বিশেষ সম্মাননা প্রদান করা হবে।
বঙ্গ সাহিত্যের এই কর্মসূচিতে সবার সাহায্য সহযোগিতা কামনা করেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের বড়খলা আঞ্চলিক সমিতির সভাপতি স্বপ্না দাস ও সম্পাদক অমৃত চক্রবর্তী। অভ্যর্থনা সমিতির পক্ষে অজিত দাস বলেন, বৃহত্তর বড়খলা অঞ্চলের সমাজ ও সংস্কৃতিসচেতন জনগণের সহায়তায় বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের ৪৩-তম কেন্দ্রীয় বার্ষিক সাধারণ সভা সার্থক করে তুলতে তারা অঙ্গীকারবদ্ধ।


