Barak UpdatesHappeningsBreaking News
মৃত্যুবার্ষিকীতে জননেতা বিমলাংশু রায় স্মরণ শিলচরে

ওয়ে টু বরাক, ২ জুলাই : বুধবার ১৬তম মৃত্যুবার্ষিকীতে শিলচরের প্রাক্তন বিধায়ক তথা প্রখ্যাত আইনজীবী জননেতা বিমলাংশু রায়কে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল বিজেপি। এ দিন প্রয়াত বিধায়কের রাধামাধব রোডের বাড়িতে আয়োজিত স্মৃতিচারণ সভায় উপস্থিত দলের বিভিন্ন স্তরের কর্মকর্তারা তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ দিন বিভিন্ন বক্তা প্রয়াত বিধায়কের রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন উল্লেখনীয় কর্মকাণ্ডের বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন।
এ দিন বিভিন্ন বক্তা তাদের বক্তব্যে বলেন, শিলচর তথা বরাক উপত্যকার জনগণের কল্যাণে বিমলাংশু রায় অতন্দ্র প্রহরীর ন্যায় কাজ করে গেছেন। উল্লেখ্য, ২০০৯ সালের ২ জুলাই কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে আর বাড়ি ফেরা হয়নি বিমলবাবুর। কলকাতার আমরি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আকষ্মিক মৃত্যু হয় তাঁর। পরে তাঁর মরদেহ শিলচরে নিয়ে আসার পর ঐতিহাসিক শোকমিছিল বের হয়। আজও মানুষ তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে থাকেন এবং আম জনতার কাছে তিনি আজও জননেতা হিসাবে আখ্যায়িত।
এখানে উল্লেখ করা যায় সেদিনের শোকমিছিল শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে সদরঘাট, বার লাইব্রেরি, শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম, রাধামাধব কলেজ হয়ে তাঁর রাধামাধব রোডের বাড়ি ছুঁয়ে শিলচর শ্মশানঘাটে গিয়ে শেষ হয় এবং মানুষ তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়া পর্যন্ত উপস্থিত ছিলেন। আজ ১৬ বছর পরও বিজেপির বহু পুরনো নেতা কর্মীকে প্রয়াত বিমলাংশু রায়ের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাঁকে শ্রদ্ধা নিবেদন করতে দেখা গেছে। বিমলবাবুর স্মরণ সভায় ছিল উপচে পড়া ভিড় এবং এতে বিমলবাবুর একসময়ের অনেক ছায়াসঙ্গীদের দেখা যায়।
এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম, শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল, কাটিগড়ার প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন, কাছাড় জেলা বিজেপির প্রাক্তন সভাপতি বিমলেন্দু রায়, শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব, বরিষ্ঠ বিজেপি নেতা শশাঙ্ক শেখর ধর, বাসুদেব শর্মা, বীরেশচন্দ্র ব্যানার্জি ও পুলক দাস, জেলা যুবমোর্চার সভাপতি অমিতেষ চক্রবর্তী সহ ছিলেন প্রয়াত বিধায়ক বিমলাংশু রায়ের সহধর্মিণী বাণী রায় ও জ্যেষ্ঠ পুত্র শিলচরের প্রাক্তন সাংসদ ডাঃ রাজদীপ রায়।



