Barak UpdatesHappenings
ছোটজালেঙ্গা অঞ্চলে ভারত বিকাশ পরিষদের ত্রাণসামগ্রী বিতরণ

ওয়ে টু বরাক, ২ জুলাই : ভারত বিকাশ পরিষদের দক্ষিণ শিলচর শাখার কর্মকর্তারা গত সোমবার অর্থাৎ ৩০ জুন কাছাড় জেলার ছোটজালেঙ্গার প্রত্যন্ত অঞ্চলে বন্যা-পরবর্তী পরিস্থিতিতে সমাজের প্রান্তিক মানুষের অবস্থার কথা ভেবে অতি দুঃস্থ কিছু পরিবারের মহিলাদের প্রয়োজনীয় কিছু সামগ্রী বিতরণ করেন। এ দিনের অনুষ্ঠানে ভারত বিকাশ পরিষদের দক্ষিণ শিলচর শাখার সভাপতি ড. কিংশুক অধিকারী জানান, স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত পরিষদের দক্ষিণ শিলচর শাখা সারা বছরই সেবামূলক ও সংস্কার মূলক কাজ করে আসছে। এ দিনের অনুষ্ঠান তারই এক নিদর্শন।
পরিষদের কোষাধ্যক্ষ বিশ্বরাজ চক্রবর্তী জানান, ভারত বিকাশ পরিষদের আসাম প্রান্তের সহযোগিতায় দক্ষিণ শিলচর শাখা প্রয়োজনের ভিত্তিতে ত্রাণ বিতরণের উদ্দেশ্যে মশারি, কম্বল, গামছা, ব্লিচিং পাউডার, বালতি, মগ, থালা ইত্যাদি সামগ্রী ইতিমধ্যেই ক্রয় করেছে। এ দিনের অনুষ্ঠানকে পর্যবেক্ষণ করার জন্য পরিষদের উত্তর পূর্বাঞ্চল স্তরের কর্মকর্তা ডাঃ দর্শনা পাটোয়া উপস্থিত ছিলেন। তাঁর নাতিদীর্ঘ ভাষণে তিনি হিতাধিকারীদের পরিষদের দক্ষিণ শিলচর শাখার সেবামূলক কাজের ব্যাপারে অবহিত করেন।
দক্ষিণ শিলচর শাখার সংস্কার প্রমুখ সিদ্ধার্থ শংকর চক্রবর্তী জানান, শাখার সম্পাদক শংকর সরকারের উদ্যোগে ফিল্ড সার্ভে করে সাম্প্রতিক বন্যায় বিভিন্নভাবে বিপর্যস্ত অতি দুঃস্থ পরিবারগুলোকে শনাক্ত করা হয়। এ দিনের অনুষ্ঠানে দক্ষিণ শিলচর শাখার ড. রঞ্জনা ধর ও অপর্ণা সরকার ত্রাণসামগ্রী বিতরণে অগ্রণী ভূমিকা পালন করেন। দক্ষিণ শিলচর শাখার সেবা প্রমুখ অধ্যাপক দেবতোষ চক্রবর্তী সব সদস্যকে এই সেবামূলক উদ্যোগ নেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।



