Barak UpdatesHappeningsBreaking News
ব্যবসা ধ্বংস করে উড়ালপুল নয়, বিকল্প ভাবতে আর্জি শিলচরের ব্যবসায়ীদের

ওয়েটুবরাক, ২৩ নভেম্বর: শিলচরে যে সব এলাকার ওপর দিয়ে উড়ালপুল বা এলিভেটেড করিডর নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তাতে শিলচর শহরের ঐতিহ্য, ব্যবসা-বাণিজ্য সব ধ্বংস হয়ে যাবে। ক্ষতিগ্রস্ত হবে এই অঞ্চলের সার্বিক অর্থনীতি।
আজ রবিবার শিলচরে সাংবাদিক সম্মেলন ডেকে কথাগুলো বলেন শহরের চার প্রধান ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা। তাঁরা বলেন, যানজটের সমস্যা মেটাতে উড়ালপুলের কথা বলা হলেও এই পরিকল্পনায় যানজটের বিন্দুমাত্র হেরফের হবে না। কারণ কোনও অটোরিকশা বা ই-রিকশা উপর দিয়ে যাবে না। যাত্রী ওঠানামার প্রয়োজনেই তাদের বর্তমান সড়ক ধরে চলাচল করতে হবে। বরং উড়ালপুলের দরুন এখন যে আয়তনের রাস্তা রয়েছে, তা অনেকটাই কমে যাবে এবং সমস্যা বাড়াবে।
তাই তাঁরা আপাতত উড়ালপুলের ভাবনা স্থগিত রেখে বিকল্প ভাবনার অনুরোধ জানান। এর মধ্যে তাঁরা নিজেরাও কিছু পরামর্শ দেন। এর মধ্যে রয়েছে, রিং রোড নির্মাণ, পুলিশ প্যারেড গ্রাউন্ড এবং জেলের ওপর দিয়ে উড়ালপুলটিকে নিয়ে যাওয়া ইত্যাদি।
সেন্ট্রাল শিলচর ট্রেডার্স অ্যাসোসিয়েশন, উত্তর রাঙ্গিরখাড়ি ব্যবসায়ী সমিতি, প্রেমতলা-হসপিটাল রোড মার্চেন্ট ডেভেলপমেন্ট কমিটি এবং হসপিটাল রোড মার্চেন্ট অ্যাসোসিয়েশন এই চার সংস্থার পক্ষে অসিত দত্ত, দেবাশিস স্বামী, প্রসেনজিৎ দাশগুপ্ত, নবীন গুলগুলিয়া,, নন্দ দুলাল সাহা, পার্থ প্রতিম ঘোষ প্রমুখ বলেন, দোকানদারদের যেমন হাবুডুবু খেতে হবে, তেমনি খারাপ অবস্থায় পড়বেন দোকানের কর্মচারীরা এবং তাদের পরিবারের সদস্যরা। তাঁদের কথায়, ক্ষতিপূরণের অর্থ দিলেই ব্যবসায়ীরা যেখানে সেখানে গিয়ে ব্যবসা করে লাভবান হতে পারেন না।
এ দিনের সাংবাদিক সম্মেলনে দেবজ্যোতি স্বামী, রাজদীপ দেবরায়, পার্থ সারথি দাস প্রমুখও উপস্থিত ছিলেন।


