Barak UpdatesHappenings
বিশিষ্ট শিক্ষিকা অঞ্জলি দেশমুখ্য প্রয়াত

ওয়ে টু বরাক, ১ জুলাই: প্রয়াত হলেন বিশিষ্ট শিক্ষিকা তথা প্রাক্তন এনসিসি অফিসার অঞ্জলি দেশমুখ্য। সোমবার রাত দশটা দশ মিনিটে শিলচরের এক বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।বয়স হয়েছিল ৮৭ বছর। রেখে গেছেন স্বামী অরবিন্দ দেশমুখ্য, কন্যা অত্রি দেশমুখ্য, পুত্র অরুণাভ দেশমুখ্য সহ অসংখ্য পরিজন আর গুণমুগ্ধদের। তাঁর মৃত্যুতে পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার শিলচর শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
প্রসঙ্গত, দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে শিলচরের গভর্নমেন্ট গার্লস হায়ার সেকেন্ডারি অ্যান্ড এমপি স্কুলে গণিত বিষয়ের শিক্ষকতা করেন তিনি। শিক্ষকতা ও শৃঙ্খলার প্রতি তাঁর নিষ্ঠা এবং দায়িত্ববোধ ছাত্রছাত্রী ও সহকর্মীদের মধ্যে গভীর শ্রদ্ধা অর্জন করেছিল। তাঁর কর্মজীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল এনসিসি অফিসার হিসেবে দায়িত্ব পালন, যার মাধ্যমে তিনি ছাত্রছাত্রীদের নেতৃত্ব ও সেবার মূল্যবোধে উদ্বুদ্ধ করতেন।
তিনি ঁঅন্নদা চরণ ধর ও ঁশৈলবালা ধরের কন্যা। তাঁর স্বামী অরবিন্দ দেশমুখ্য শিলচরের গুরুচরণ কলেজের শিক্ষক ছিলেন। কন্যা অত্রি দেশমুখ্য আসাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। এছাড়া পুত্র অরুণাভ দেশমুখ্য কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকেন।
তাঁর প্রয়াণে শোকস্তব্ধ শিক্ষামহল। তাঁর অনেক কৃতি ছাত্রী বর্তমানে নানা উচ্চপদে কর্মরত। শিক্ষা ও মানবিক মূল্যবোধের প্রতি তাঁর আজীবন অবদানের স্মৃতি চিরকাল অম্লান থাকবে।


