NE UpdatesHappeningsBreaking News
ফাস্ট ট্র্যাক কোর্টে জুবিন গার্গ রহস্য মৃত্যু মামলার শুনানি শুরু

গুয়াহাটি : সোমবার থেকে ফাস্ট ট্র্যাক আদালতে শুরু হয়েছে প্রয়াত শিল্পী জুবিন গার্গের সিঙ্গাপুরে রহস্যজনক মৃত্যুর মামলার শুনানি। এখন থেকে এই আদালতে জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর মামলার দৈনিক শুনানি হবে।
এই প্রসঙ্গে সরকারি আইনজীবী জিয়াউর কামার সংবাদমাধ্যমের সামনে বলেন, “আজ নতুন কোর্ট, নতুন পরিবেশ। আজ অমৃতপ্রভা মহন্তের আইনজীবী নিজের পক্ষ আদালতে তুলে ধরেছেন। আগামীকাল শ্যামকানু মহন্ত ও সিদ্ধার্থ শর্মার আইনজীবীরাও আদালতে যুক্তি পেশ করবেন। সকাল ১০.৩০টায় শ্যামকানুর আইনজীবী এবং দুপুর ২টায় সিদ্ধার্থ শর্মার আইনজীবী তাদের বক্তব্য পেশ করবেন। অভিযুক্তদের আইনজীবীদের যুক্তি শেষ হওয়ার পর পুনরায় সরকারি পক্ষ আদালতে নিজেদের বক্তব্য উপস্থাপন করবে। জুবিন গার্গের দেহরক্ষী নন্দেশ্বর বরার জব্দ করা মোবাইল ফেরতের আবেদন আদালতে করা হলেও তা খারিজ করে দেওয়া হয়েছে।”
অন্যদিকে, জুবিন গার্গের স্ত্রী গরিমা শইকীয়া গার্গ সংবাদমাধ্যমকে বলেন, “মামলাটি দ্রুতগতিতে এগোবে বলে আশা করছি। খুব শিগগিরই কোনো সমাধান পাব বলে মনে হচ্ছে।” তিনি আরও বলেন, “আমরা সবকিছু বিশ্বাস ও আস্থার সঙ্গে নিচ্ছি। জুবিনের যা ন্যায্য, তিনি যেন তা পান। বিচার প্রক্রিয়া কঠোর হোক। নতুন একটি প্রক্রিয়া শুরু হয়েছে, আমরা চাই সব কিছু সঠিকভাবে হোক।”
এদিকে জুবিন গার্গের সহযোগী সঙ্গীতশিল্পী পার্থ প্রতিম গোস্বামী বলেন, “সিঙ্গাপুর করনার্স কোর্ট এমন রিপোর্ট দেবে, তা আমরা আগেই জানতাম। সিঙ্গাপুর পুলিশ সিদ্ধার্থ বা শ্যামকানুকে চেনে না। অসম থেকে পরিকল্পনা করেই জুবিন গার্গকে জলে নিয়ে যাওয়া হয়েছিল। সিঙ্গাপুর আদালত তা জানে না। তাই সিঙ্গাপুরের রায় নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। আমরা জিতব বলে আশাবাদী। প্রথমদিকে কষ্ট পেয়েছিলাম, দু’মাসে দু’টি মামলা হেরেছি। আজ একটি ভালো দিন, আজ থেকেই ফাস্ট ট্র্যাক শুরু হয়েছে।”
তিনি আরও বলেন, “জুবিন গার্গের হত্যা-মামলায় প্রবাসী অসমিয়াদের কেন এখনও ছেড়ে দেওয়া হয়েছে, তা বোঝা যাচ্ছে না। তারা হাসতে হাসতে অসমে এসে আবার চলে গেল। জুবিন গার্গের ন্যায়বিচার পাওয়া উচিত। তাকে নিয়ে রাজনীতি হচ্ছে, কিন্তু জুবিন গার্গের সামনে কেউ টিকতে পারবে না।”
উল্লেখ্য, বিচারপতি শর্মিলা ভূঞার ফাস্ট ট্র্যাক আদালত সোমবার থেকে প্রতিদিনের ভিত্তিতে জুবিন গার্গের রহস্য মৃত্যু মামলার শুনানি গ্রহণ করবে। অসম সরকারের আবেদনের ভিত্তিতে গৌহাটি হাইকোর্ট এই মামলার জন্য বাক্সা জেলার জেলা ও সেশনস জজ শর্মিলা ভূঞাকে ফাস্ট ট্র্যাক আদালতের দায়িত্ব দেয়। সেই অনুযায়ী, গত ২৬ মার্চ তাঁকে বাক্সা থেকে গুয়াহাটিতে বদলি করা হয়। নির্দেশ অনুযায়ী, তিনি সোমবার থেকে দায়িত্ব গ্রহণ করে মামলার শুনানি শুরু করেন।



