India & World UpdatesHappeningsBreaking News

প্রার্থী হবেন না, জানিয়ে দিলেন প্রশান্ত কিশোর

ওয়েটুবরাক, ১৭ অক্টোবর: বিহার বিধানসভা নির্বাচনে বড় ফ্যাক্টর হতে চলেছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর ও তাঁর দল জন সুরজ পার্টি। দলের সুপ্রিমো প্রশান্ত জানিয়ে দিয়েছেন, ‘বৃহত্তর স্বার্থে’ তিনি এবার প্রার্থী হবেন না।

তাঁর কথায়, ‘আমি আমার পক্ষ থেকে সব রকমভাবে চেষ্টা করতে চাই। আমি কোনও আপস করব না। ফলাফল কী হবে, তা জনগণের হাতে রয়েছে। আমরা জিতব কী হারব, সেটা আলাদা বিষয়। যখনই এই সময়ের ইতিহাস লেখা হবে, তখন অবশ্যই উল্লেখ থাকবে যে বিহারের উন্নতির জন্য খুব বড় প্রচেষ্টা করা হয়েছে।’

পিকে বলেন, ‘এখন, জনগণকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা শিক্ষিত, দক্ষ চিকিৎসক, ইঞ্জিনিয়ার, সমাজকর্মী, রাজনীতিবিদ, অফিসার, অধ্যাপক নাকি মাফিয়া, মদ্যপ, দুর্নীতিবাজদের নির্বাচিত করবেন। যদি জনগণ ভুল লোকদের নির্বাচিত করেন, তাহলে তাদের প্রস্তুত থাকা উচিত যে ব্যবস্থা এভাবেই চলবে, অথবা আরও খারাপ হবে।’

বিহারে তাঁর দল ক্ষমতা দখল করলে প্রথমে কী কী কাজ করবেন তা স্পষ্ট করে দিয়েছেন প্রশান্ত কিশোর। তিনি বলেন, প্রথম ছ’মাসে আমরা ছয়টি কাজ করব। প্রথমত, বিহারে মদ নিষিদ্ধ। কিন্তু এখানে মদের দোকান বন্ধ থাকলেও মদ বিক্রি হচ্ছে। তাই আগে এই আইন বাতিল করব। দ্বিতীয়ত, বিহারে, ৬০ বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিকদের কমপক্ষে ২০০০ টাকা পেনশন দেওয়া হবে। তৃতীয়ত, একটি নতুন দফতর গঠন করা হবে, যার কাজ হবে আগামী এক বছরে, বিহারের বাইরে কাজ করতে যাওয়া ৫০ লক্ষেরও বেশি মানুষকে ১০,০০০-১২,০০০ (বিহারে কাজ করার জন্য) টাকা করে বেতন দেওয়া। এরপর, যারা স্ব-কর্মসংস্থান করতে চান তাদের ৪ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে। পঞ্চম, আমরা কৃষিকে সরাসরি মনরেগা-এর সঙ্গে সংযুক্ত করব। আর ষষ্ঠ হল, প্রতিটি গ্রামে যেখানে সরকারি স্কুলের অবস্থা ভালো নয়, সেখানে পড়ুয়াদের বেসরকারি স্কুলে পড়ানো হবে এবং তাদের ফি সরকার বহন করবে। একই সঙ্গে একটি নতুন আইন চালু করা হবে যেখানে এক বছরের মধ্যে বিহারের দুর্নীতিবাজদের বিশেষ আদালতে বিচার হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker