NE UpdatesHappeningsBreaking News
দর্শক গ্যালারিতে বসে বিধানসভার অধিবেশন দেখলেন গৌরব গগৈ

গুয়াহাটি, ৯ জুন : সুধাকন্ঠ ভূপেন হাজারিকার জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে একদিনের বিশেষ অধিবেশন ডেকেছে রাজ্য সরকার। সেই অধিবেশনে দর্শক গ্যালারিতে বসে বিধানসভার কাজকর্ম দেখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ। একইসঙ্গে বিধানসভার দর্শক গ্যালারিতে বসে এ দিন অধিবেশন দেখেছেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালও।
প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব গ্রহণ করে রাজনৈতিক জীবনে প্রথমবারের মতো বিধানসভায় উপস্থিত হন গৌরব গগৈ। বেশ কিছুক্ষণ গ্যালারি থেকে বিধানসভার কাজকর্ম দেখার পর গৌরব সদনের বাইরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
তিনি বলেন, ‘আজকের দিনে বিধানসভার অধিবেশনে ডিব্রুগড় বিমানবন্দরের নাম সুধাকন্ঠ ভূপেন হাজরিকার নামে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। একে আমরা সবাই সমর্থন করছি। এজন্যই আজ আমি বিধানসভায় এসেছি।’
তিনি আরও বলেন, ‘আমি এজন্য গৌরববোধ করছি। পাশাপাশি আমি দেখেছি ডিব্রুগড়-এর সঙ্গে আকাশপথে যোগাযোগের ক্ষেত্রে অনেক সমস্যা রয়েছে। আমি আশা করব, সরকার শুধুমাত্র বিমানবন্দরের নাম দেওয়ার ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না। সন্ধ্যার পর ডিব্রুগড়ের সঙ্গে গুয়াহাটি অথবা দিল্লির কোনও যোগাযোগ থাকে না। সরকার যাতে এক্ষেত্রেও দৃষ্টি দেয়।’
অসম বিধানসভার অধিবেশন দেখার পর গৌরব গগৈ কংগ্রেস বিধায়নী দলের সদস্যদের নিয়ে বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারীর সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎও করেন।


