NE UpdatesHappeningsBreaking News
ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সেমিনারে উপাচার্য রাজীব মোহন
প্রাচীন জ্ঞান পরম্পরাই ভারতকে ফের বিশ্ববন্দিত করবে : উপাচার্য

ওয়ে টু বরাক, ৪ জুলাই : নর্থ ইস্ট ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার থেকে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দু’দিনের আন্তর্জাতিক সম্মেলন। ‘উদ্ভাবন, অন্তর্ভুক্তি ও ভারতীয় জ্ঞান ব্যবস্থার পুনর্কল্পনা’ শীর্ষক বিষয়ের ওপর আয়োজিত এই সম্মেলনে দেশ-বিদেশের বহু বিশিষ্ট শিক্ষাবিদ অংশ নিচ্ছেন। যোগ দিয়েছেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থও।

বক্তব্য রাখতে গিয়ে উপাচার্য অধ্যাপক পন্থ ভারতীয় জ্ঞান ব্যবস্থার ওপর আলোকপাত করে বলেন, প্রাচীন কাল থেকেই ভারত বিশ্বসভায় এক উল্লেখযোগ্য স্থান দখল করে এসেছে। ভারতের প্রাচীন জ্ঞান, বিশ্বাস ও সংস্কৃতির এক সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। এই জ্ঞান ব্যবস্থা শুধু আধ্যাত্মিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, এটি বিজ্ঞান, প্রযুক্তি, গণিত, জ্যোতির্বিদ্যা, চিকিৎসা ইত্যাদি ক্ষেত্রেও সম বিস্তৃত। এই জ্ঞান পরম্পরা ভারতীয় সমাজের সংস্কৃতি, মূল্যবোধ ও ঐতিহ্যের ভিত্তি স্থাপন করেছে।
তিনি আশাপ্রকাশ করে বলেন, এই সমৃদ্ধ জ্ঞানভাণ্ডারের প্রচার ও প্রসারের মাধ্যমে শীঘ্রই ভারত ফের জগৎসভায় শ্রেষ্ঠ আসন অলংকৃত করবে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গঙ্গা প্রসাইনের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে এ দিন আসাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. কিংশুক অধিকারী ও জয়নাল উদ্দিন আহমেদের যৌথ সম্পাদিত একটি বইয়েরও আনুষ্ঠানিক প্রকাশ করা হয়।



