Barak UpdatesHappeningsBreaking News
দীপাবলি ও কালীপুজোয় মদের দোকান খোলা, বিজ্ঞপ্তি দিয়ে জানাল জেলা প্রশাসন

ওয়েটুবরাক, ৮ নভেম্বর: দীপাবলি ও কালীপুজো উপলক্ষে আগামী ৮ ও ৯ নভেম্বর কাছাড় জেলার সমস্ত লাইসেন্সপ্রাপ্ত সুরার দোকান ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বন্ধ রাখার পূর্ববর্তী নির্দেশ প্রত্যাহার করল কাছাড় জেলা প্রশাসন। জেলা আয়ুক্ত রাহুল কুমার গুপ্তা এক সংশোধিত নির্দেশের মাধ্যমে আগের বন্ধের নির্দেশটি তাৎক্ষণিকভাবে বাতিল ও প্রত্যাহার করেছেন।
জেলাশাসক স্বাক্ষরিত সংশোধিত নির্দেশে জানানো হয়েছে, গত ৭ নভেম্বর জারি করা পূর্ববর্তী নির্দেশটি বাতিল করে তার পরিবর্তে নতুন সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এর ফলে কাছাড় জেলার অধীনস্থ সমস্ত লাইসেন্সপ্রাপ্ত আইএমএফএল ও কান্ট্রি স্পিরিট উৎপাদনকারী প্রতিষ্ঠান, পাইকারি সুরার দোকান এবং খুচরো অন-অফ সুরার দোকান ২০২৬ সালের ৮ ও ৯ নভেম্বর খোলা রাখা এবং স্বাভাবিকভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার অনুমতি পাবে।
তবে সংশ্লিষ্ট সমস্ত প্রতিষ্ঠানকে নিজ নিজ লাইসেন্সের শর্তাবলি এবং প্রচলিত আবগারি আইন ও বিধি মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে বলে নির্দেশে স্পষ্ট করা হয়েছে।
জনস্বার্থে এই সংশোধিত নির্দেশ জারি করা হয়েছে বলেই জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
অসম সরকারের তথ্য ও জনসংযোগ বিভাগের বরাক উপত্যকার আঞ্চলিক কার্যালয় শিলচর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।



