NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
গুরুত্ব বাড়ল দলে : রাজদীপ মণিপুরে, কণাদ মেঘালয়ের প্রভারি

ওয়েটুবরাক, ২২ সেপ্টেম্বর: বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের কাছে নিজেদের যোগ্যতা-ক্ষমতা তুলে ধরে তাঁদের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন সাংসদ কণাদ পুরকায়স্থ ও বিধায়ক ডা. রাজদীপ রায়। আজ বুধবার বিভিন্ন রাজ্যে প্রভারি নিয়োগ করা হয়েছে। ওই তালিকায় নিজেদের স্থান করে নিয়েছেন শিলচরের বর্তমান ও প্রাক্তন সাংসদ। ডা. রাজদীপ রায় ত্রিপুরার প্রভারির দায়িত্ব থেকে অব্যাহতি পেলেও তাঁকে এবার জটিলতর মণিপুরের সংগঠন দেখভালের দায়িত্ব প্রদান করা হয়েছে। রাজ্যসভার নতুন সাংসদ কণাদ পুরকায়স্থ মেঘালয়ের প্রভারি পদে নিযুক্ত হয়েছেন। তাঁর সঙ্গে সহপ্রভারি নিয়োগ করা হয়েছে অসম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ ডা. নোমল মুমিনকে।
অন্যদিকে, ত্রিপুরার প্রভারি পদে ডা. রাজদীপ রায়ের স্থলাভিষিক্ত হয়েছেন মৃগাঙ্ক দেও বর্মন। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব মধ্যপ্রদেশের প্রভারি নিযুক্ত হয়েছেন।
প্রভারি বদল করা হয়েছে অসমেও । এখন এই রাজ্যের সংগঠন দেখভালের দায়িত্ব প্রদান করা হয়েছে মঙ্গল পান্ডেকে। তাঁর সঙ্গে সহ-প্রভারি নিয়োগ করা হয়েছে পি কনিয়াক এবং মনোজ তিগ্গাকে।



