India & World UpdatesHappeningsBreaking News
কেরলে গদিরক্ষায় কঠিন লড়াইয়ে সিপিএম

ওয়েটুবরাক, ২৪ মার্চঃ কেরল বিধানসভা নির্বাচনে সিপিএম-কংগ্রেসের লড়াই তীব্রতর হয়ে উঠেছে। ‘ভোট ট্র্যাকার’ মতামত সমীক্ষা অনুযায়ী, শাসক বাম গণতান্ত্রিক ফ্রন্ট বা এলডিএফ এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট বা ইউডিএফ-এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
সিপিএম নেতৃত্বাধীন শাসক জোট এবং কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট — দু’পক্ষেরই প্রায় সমান জনসমর্থনের ইঙ্গিত মিলেছে সমীক্ষায়। উভয় পক্ষেই সমর্থন রয়েছে ৩৬ শতাংশ ভোটারের। অন্যদিকে এনডিএ ১৪.৯ শতাংশ ভোট পেতে পারে, যদিও আসন সংখ্যা সে তুলনায় অনেক কম হবে। সমীক্ষা অনুযায়ী, ১৪০ সদস্যের কেরল বিধানসভায় বিজেপি নেতৃত্বাধীন এই জোট পেতে পারে মাত্র ২টি আসন।এলডিএফ পেতে পারে ৬৮ থেকে ৭৩টি আসন। ইউডিএফের ঝুলিতে যেতে পারে ৬৪ থেকে ৭০টি আসন।
কেরল বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ এপ্রিল। গত নির্বাচনে এলডিএফ ৯৯টি আসন জিতে টানা দ্বিতীয়বার ক্ষমতায় আসে— যা কেরলের রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন। ইউডিএফ পেয়েছিল ৪১টি আসন। এনডিএ ১১.৪ শতাংশ ভোট পেলেও কোনও আসন জিততে পারেনি।



