Barak UpdatesAnalyticsBreaking News
কাল থেকে ফের মেরুদণ্ড অস্ত্রোপচার শিবির শুরু বিশ্ববিদ্যালয়ে

ওয়ে টু বরাক, ১৭ জুলাই : শিক্ষার পাশাপাশি জনস্বাস্থ্যের ক্ষেত্রেও এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে আসাম বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যে দু-দুটি মেরুদণ্ড অস্ত্রোপচার শিবির সফলভাবে আয়োজনের পর এবার তৃতীয় শিবির আয়োজন করতে চলেছে বিশ্ববিদ্যালয়। দেশের প্রখ্যাত চিকিৎসকদের উপস্থিতিতে আগামী ১৮ জুলাই থেকে ২০ জুলাই এই শিবির আয়োজিত হবে। এতে কমপক্ষে পাঁচজন রোগীর মেরুদণ্ডের অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে। এছাড়াও সম্পূর্ণ বিনামূল্যে হাড় সংক্রান্ত রোগের চিকিৎসা করা হবে।
প্রসঙ্গত, উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থের নেতৃত্বে এবং নিবন্ধক ড. প্রদোষ কিরণ নাথের প্রশাসনিক নির্দেশনায় ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ে একটি অত্যাধুনিক টেলি-পরামর্শ প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। এর মাধ্যমে ক্যাম্পাসের ভেতরে রেডিওলজিক্যাল এবং প্যাথলজিক্যাল ডায়াগনস্টিক পরিষেবা প্রদান করা হচ্ছে। এই ব্যবস্থার মাধ্যমে প্রত্যন্ত বা পিছিয়ে পড়া শ্রেণির রোগীরা দেশের বিশিষ্ট চিকিৎসকদের কাছ থেকে ক্লিনিকাল নির্দেশিকা পাচ্ছেন। স্নায়ুবিজ্ঞান, কার্ডিওলজি, গ্যাস্ট্রোএন্টেরোলজি, অনকোলজি, এন্ডোক্রিনোলজি, গায়নোকোলজি, মনোরোগবিদ্যা, শিশু বিশেষজ্ঞ এবং মেরুদণ্ড বিশেষজ্ঞরা অবহেলিত জনগোষ্ঠীর সেবায় এগিয়ে এসেছেন।
কমিউনিটি-চালিত মডেলের অংশ হিসাবে পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ড. বিবেক ভার্মার উদ্যোগে আয়োজিত এই বিশাল কর্মযজ্ঞে শামিল রয়েছেন রোজকান্দি টি এস্টেটের ম্যানেজার আই বি উবাদিয়া। এর ফলে চা বাগান এলাকার ঘরে ঘরে স্ক্রিনিং পরিচালনা করারও ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে এই উদ্যোগের সুফল পেয়েছেন ৩,০০০ জনেরও বেশি ব্যক্তি। ৮০০ জনেরও বেশি নানা উপসর্গ যুক্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১৫০ জনেরও বেশি লোককে স্ট্রোক রোগী হিসেবে শনাক্ত করা হয়। কোচির এইমসের বিশিষ্ট স্নায়ুবিজ্ঞানী অধ্যাপক ডা বিবেক নাম্বিয়ারের তত্বাবধানে এদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। এছাড়াও মুম্বাইর দ্য স্পাইন ফাউন্ডেশনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সমঝোতা চুক্তি হওয়ায় এতদঞ্চলের রোগীদের মেরুদণ্ড সংক্রান্ত সমস্যা লাঘবের পথ প্রশস্ত হয়েছে। দ্য স্পাইন ফাউন্ডেশন গ্রামীণ ভারতে অগ্রণী কাজের জন্য পরিচিত। অনলাইন ও অফলাইনে ডায়াগনস্টিক পরামর্শ প্রদান করে চলেছে। বরাক উপত্যকায় ৩৫০ জনেরও বেশি মেরুদণ্ডের রোগী শনাক্ত করেছে।
শিলচরে অনুষ্ঠিত আগের দুটি অস্ত্রোপচার শিবিরে দ্য স্পাইন ফাউন্ডেশনের ডাঃ শেখর ওয়াই. ভোজরাজ, ডাঃ শীতল মোহিত, ডাঃ সুমন ধর সহ অন্য স্পাইন সার্জারি বিশেষজ্ঞরা চারটি জটিল মেরুদণ্ডের অস্ত্রোপচার সম্পূর্ণ বিনামূল্যে করেছিলেন। এতে সহযোগিতা করেন ডঃ এস. কে. নন্দী পুরকায়স্থ, ডঃ নভোনীল গুপ্ত সহ জীবনজ্যোতি ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস এবং সাউথসিটি হাসপাতাল কর্তৃপক্ষ।



