Barak UpdatesHappeningsBreaking News
কাছাড় জেলায় সরকারি দফতরে বাধ্যতামূলক বাংলা ভাষার ব্যবহার

ওয়েটুবরাক, ১৭ জুন : অসম সরকারের নির্দেশনা অনুযায়ী, কাছাড় জেলার সমস্ত সরকারি দফতরে এখন থেকে ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ভাষার ব্যবহারও বাধ্যতামূলক করা হয়েছে।
অসম সরকারের রাজনৈতিক (খ) বিভাগের বিজ্ঞপ্তি, (তারিখ ১৪-০৪-২০২৫) অনুসারে এই নির্দেশ জারি করেছেন কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব। জেলা আযুক্তের কার্যালয় থেকে জারিকৃত এই বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, জেলা পর্যায়ের সব সরকারি দফতরে প্রধানগণকে সরকারি বিজ্ঞপ্তি, দাপ্তরিক স্মারক, আদেশপত্র ইত্যাদি জারি করার ক্ষেত্রে ইংরেজির পাশাপাশি বাংলা ভাষাও ব্যবহার করতে হবে। এই পদক্ষেপের মূল লক্ষ্য হল প্রশাসনিক কাজকর্মে জনগণের মাতৃভাষার সসম্মান উপস্থিতি নিশ্চিত করা এবং জনসাধারণের সঙ্গে কার্যকর যোগাযোগ আরও সুসংবদ্ধ ও সহজতর করা।
এই উদ্যোগ রাজ্যের ভাষা নীতি অনুসরণে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা বহুভাষিক জনগোষ্ঠীর আবেগকে সম্মান জানানোর পাশাপাশি সরকারি স্বচ্ছতা এবং ভাষাগত অন্তর্ভুক্তিকেও আরও দৃঢ় করবে।
জেলা আযুক্ত মৃদুল যাদব সংশ্লিষ্ট সকল বিভাগীয় প্রধানকে অবিলম্বে এই নির্দেশ কার্যকর করার জন্য আহ্বান জানিয়েছেন।
শিলচরের তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।



