Barak UpdatesHappeningsBreaking News
কাছাড়ে সজল, করিমগঞ্জে তাপস, হাইলাকান্দি জেলায় নয়া কংগ্রেস সভাপতি ঈশাক আলি

ওয়েটুবরাক, ৬ জুলাইঃ প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব নিয়ে সংগঠনের একেবারে খোলনলচে বদলে নিলেন গৌরব গগৈ। ক্রমান্বয়ে পরিবর্তনের পথে না হেঁটে একযোগে বাতিল করে দিলেন ভূপেন জমানার সমস্ত কমিটি। প্রদেশ কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি গড়তে গিয়ে পুনর্গঠন করেছেন সবকটি জেলা কমিটি। কাছাড়ে নতুন সভাপতির দায়িত্ব পেয়েছেন প্রাক্তন পুর সদস্য, দীর্ঘদিনের কর্মী সজল আচার্য। করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি পদে তাপস পুরকায়স্থ এবং হাইলাকান্দিতে ঈশাক আলি বড়ভুইয়াকে মনোনীত করা হয়েছে।
এ বারের পুনর্গঠন প্রক্রিয়ায় শিলচর জেলা কংগ্রেসের নাম বদলে কাছাড় করা হয়েছে। কিন্তু করিমগঞ্জের নাম বদলে সরকারি ভাবে শ্রীভূমি করা হলেও কংগ্রেস একে মেনে নেয়নি। তাই সাংগঠনিক পর্যায়ে করিমগঞ্জ জেলা বলেই উল্লেখ করা হয়েছে।
কাছাড়ের বিদায়ী জেলা সভাপতি অভিজিত পালকে টিম গৌরবে ধরে রাখা হয়েছে। তাঁকে প্রদেশ কংগ্রেসের সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। আরেক প্রাক্তন সভাপতি তমাল বণিকও নতুন প্রদেশ কংগ্রেসের সম্পাদক। জাভেদ আখতারও একই পদে নিযুক্তি পেয়েছেন।
গৌরব গগৈর সুবিশাল কমিটিতে ১৪জন সহসভাপতি, ৩৫জন সাধারণ সম্পাদক, ৬৫জন সম্পাদক এবং ২০জন যুগ্ম সম্পাদক। ড. হেমহরি পেগু নয়া কোষাধ্যক্ষ। হাফিজ রসিদ চৌধুরী, শরিফুজ্জামান লস্কর রয়েছেন সহসভাপতিদের তালিকায়। ওই তালিকায় আরও রয়েছেন ঘন বুঢ়াগোঁহাই, প্রাণেশ্বর বসুমাতারি, প্রণয় রাভা, রাজীবলোচন পেগু, দিলীপ মরান, রাজু শাহুু, নবজ্যোতি তালুকদার, মেহদী আলম বরা, মাধব রাজবংশী, রামপ্রসাদ শর্মা, জয়ন্ত কলিতা ও মীনা তেলি।
১৯ জনের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটিতে স্থান পেয়েছেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং ও প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি অরুণ দত্ত মজুমদার।



