Barak UpdatesAnalyticsBreaking News
কংগ্রেস যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল : কণাদ
উধারবন্দে বিজেপিতে যোগ দিলেন অর্ধশতাধিক সংখ্যালঘু যুবক

ওয়ে টু বরাক, ২ এপ্রিল : কংগ্রেস যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল বৃহস্পতিবার উধারবন্দ বিধানসভা কেন্দ্রের রংপুরে বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালার সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় এই মন্তব্য করেন রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থ। তিনি বলেন, কংগ্রেস আমলে অসম সহ সারাদেশেই উগ্রবাদী শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছিল। সেসময় দেশের যুব সমাজ বিপথে পরিচালিত হয়েছিল।
আজকের দিনে সেই পরিস্থিতি নেই।যুব সমাজকে স্বনির্ভর ও স্বাবলম্বী করে তুলতে বহু প্রকল্প শুরু করেছে সরকার। এপ্রসঙ্গে সাংসদ কণাদ বলেন, গত পাঁচ বছরে রাজ্যের দেড় লক্ষাধিক সরকারি চাকরি হয়েছে, কিন্তু দেড়শ টাকার নেওয়ার অভিযোগ নেই। মেধা ও যোগ্যতার নিরিখেই এসব চাকরি পেয়েছেন শিক্ষিত বেকার যুবক-যুবতীরা। যারা সরকারি চাকরি পায়নি, তাদের স্বাবলম্বী করতে আত্মনির্ভর যোজনায় আর্থিক সহায়তা দেয় সরকার। একইভাবে মহিলাদের স্বনির্ভর করতে মহিলা উদ্যোমিতা যোজনায় আর্থিক সহায়তা প্রদান করা হয়। কংগ্রেস আমলে কিন্তু পরিস্থিতি ভিন্ন ছিল। নেতা-মন্ত্রীর দুয়ারে দুয়ারে দৌড়ঝাঁপ করে মোটাঅংকের লেনদেনে করেও সরকারি চাকরির নিশ্চয়তা ছিল না। তখনকার সময়ে বেকার যুবক-যুবতীদের জন্য কল্পতরু প্রকল্প চালু হয়েছিল। কল্পতরুতে কিভাবে লুন্ঠন হয়েছে, তা সবাই জানেন।
একইসঙ্গে কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজকর্মের খতিয়ান তুলে ধরে উধারবন্দে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিজেপির নীতিই হল- ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস’।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই স্লোগান সর্বক্ষেত্রে প্রতিফলিত। তা সরকারি চাকরি ক্ষেত্রে হোক আর উন্নয়নমূলক কাজে। উধারবন্দে উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে বিজেপি প্রার্থী রাজদীপ গোয়ালাকে রেকর্ড ভোটে জয়ী করার আহ্বান জানান তিনি।
এ দিন রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থের হাত ধরে বিজেপিতে যোগদান করেন অর্ধশতাধিক সংখ্যালঘু মুসলিম যুবক। উধারবন্দে দলীয় প্রার্থী রাজদীপ গোয়ালার সমর্থনে আয়োজিত সভায় নবাগতদের দলে বরণ করেন রংপুর মালু গ্রাম মণ্ডলের সভাপতি পুলক দেব, মণ্ডল সংখ্যালঘু মোর্চার সভাপতি মাশুক ও সহ সভাপতি অনিল শেট্টি। সভায় প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন তারা।


