India & World UpdatesHappeningsBreaking News

উপরাষ্ট্রপতি নির্বাচন ৯ সেপ্টেম্বর, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের

ওয়েটুবরাক, ১ আগস্ট: উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৯ সেপ্টেম্বর জগদীপ ধনখড়ের উত্তরসূরি বাছাইয়ে ভোটগ্রহণ হবে। কমিশন জানিয়েছেন, মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৭ আগস্ট থেকে। সেদিনেই নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবে কমিশন। ২১ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন। মনোনয়নপত্র খতিয়ে দেখা হবে ২২ আগস্ট। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৫ আগস্ট। যদি সর্বসম্মতিক্রমে কেউ উপরাষ্ট্রপতি হন, তা হলে নির্বাচনের প্রয়োজন পড়বে না। আর যদি একাধিক প্রার্থী মনোনয়ন জমা দেন, তা হলে নির্বাচন অবশ্যম্ভাবী হয়ে পড়বে। সে ক্ষেত্রে নির্বাচন হবে আগামী ৯ সেপ্টেম্বর। সকাল ১০টা বিকেল ৫টা পর্যন্ত ভোট চলবে। ওই দিনই ফলপ্রকাশ করা হবে।

২০২২ সালের আগস্টে উপরাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নিয়েছিলেন জগদীপ ধনখড়। তিনবছরের মাথায়  রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিয়ে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ ছেড়েছেন তিনি।

পদত্যাগের দিন সকালেও রাজ্যসভায় অধিবেশন পরিচালনা করেছেন। রাতে হঠাত্‍ উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিলেন। পদত্যাগপত্রে স্বাস্থ্যজনিত কারণ বলেই উল্লেখ করেছেন একসময়ের দাপুটে আইনজীবী ধনখড়। কিন্তু আচমকা এই ইস্তফায় রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে। দাবি করা হচ্ছে, সরকারের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি ঘটেছিল।

প্রসঙ্গত, সংবিধানের অনুচ্ছেদ ৬৬ অনুসারে কেবল লোকসভা এবং রাজ্যসভার সাংসদেরাই উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারেন। নিয়ম অনুসারে, সংসদের দুই কক্ষের সদস্যদের নিয়ে একটি ইলেক্টরাল কলেজ তৈরি করে নির্বাচন কমিশন। গোপন ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করেন ওই সাংসদেরা। এই নির্বাচনে ৭৮২ জন সদস্য ভোট দেবেন— যাদের মধ্যে ২৩৩ জন রাজ্যসভার নির্বাচিত সদস্য, ১২ জন মনোনীত সদস্য এবং ৫৪৩ জন লোকসভার নির্বাচিত সদস্য রয়েছেন। বর্তমানে রাজ্যসভার পাঁচটি ও লোকসভার একটি আসন শূন্য। ভোটারদের একটি নির্দিষ্ট কলমের মাধ্যমে ভোট দিতে হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, এই নির্বাচনকে পরিবেশবান্ধব ও স্বচ্ছ রাখার লক্ষ্যে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ভোট গণনা ও ভোট গ্রহণ উভয়ই অনুষ্ঠিত হবে সংসদ ভবনে

উল্লেখ্য, নতুন যিনি উপরাষ্ট্রপতি হবেন, তিনি পুরো পাঁচ বছরের জন্যই পদে থাকবেন। ধনখড়ের ছেড়ে দেওয়া দু’বছরের জন্য নয়। উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে গেলে এক জন ব্যক্তিকে ন্যূনতম ৩৫ বছর বয়সি হতে হবে। ভারতের নাগরিক হতে হবে। সরকারি কোনও লাভজনক পদে থাকা চলবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker