Barak UpdatesHappeningsBreaking News
অকালে প্রয়াত তনুশ্রী দেব

ওয়েটুবরাক, ২৯ মার্চ: অকালপ্রয়াত হলেন শিলচর চাঁদমারি এলাকার জনহিতৈষী মহিলা, প্রাক্তন সংবাদকর্মী তনুশ্রী দেব। জরায়ু অপসারণের অস্ত্রোপচারের পর টিটেনাসে আক্রান্ত হওয়ায় এক সপ্তাহের মধ্যে প্রাণ হারালেন তিনি।
বয়স হয়েছিল ৪৫ বছর। রেখে গেছেন স্বামী আইনজীবী শশাঙ্ক দেব, একমাত্র স্কুলপড়ুয়া সন্তান সর্বার্থ, মা, দাদা, বৌদি, শাশুড়ি, ভাসুর, জা সহ অসংখ্য আত্মীয়স্বজনকে।
গত ২১ মার্চ শিলচরের কেসি নার্সিং হোমে জরায়ু অপসারণের অস্ত্রোপচার হয়। ২৪ মার্চ তাঁকে বাড়িতে যেতে দেওয়া হয়। কিন্তু শারীরিক জটিলতা বাড়তে থাকায় ২৬ মার্চ তাঁকে একই নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। পরদিন স্থানান্তর করে আনা হয় গ্রিন হিলস হাসপাতালে। সেখানেই শনিবার সকাল ৮টা ৫০ মিনিটে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গ্রিন হিলস সূত্রে জানা গিয়েছে, টিটেনাসে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর।
তনুশ্রীর বাবার বাড়ি শিলচর উল্লাসকর দত্ত লেনে । বিয়ে হয় রামনগর লামাগ্রামে। পরবর্তী সময়ে বাড়ি করেন চাঁদমারি রোডের বিবেকানন্দ অ্যাপার্টমেন্টে। তাঁর অকালপ্রয়াণে বৃহত্তর এলাকায় শোকের ছায়া পরিলক্ষিত হয়।



