Barak UpdatesHappeningsBreaking News
সেরা পুজো খুঁজে এ বারও দেওয়া হবে ‘রোটারেক্ট শারদ সম্মান’

ওয়েটুবরাক, ২৭ সেপ্টেম্বরঃ বিভিন্ন বিভাগে সেরা পুজোগুলিকে খুঁজে বের করে এ বারও শারদ সম্মান জানাবে শিলচর রোটারেক্ট ক্লাব। আজ শুক্রবার সাংবাদিকদের ডেকে এ ব্যাপারে আলোচনা করেন তিন রোটারেক্টর রাজর্ষি সিনহা, শর্মিলা চক্রবর্তী ও উপমা দাস। রাজর্ষি এই শারদ সম্মান প্রকল্পের উপদেষ্টা, শর্মিলা এর চেয়ারপার্সন এবং উপমা ক্লাব সভাপতি।
তাঁরা জানান, সৃজনশীলতা ও সামাজিক দায়িত্ব পালনের নিরিখেই বেছে নেওয়া হবে সেরাদের। মোট ৩০টি ট্রফি দেওয়া হবে। এর মধ্যে মণ্ডপ, আধুনিক প্রতিমা, শাস্ত্রীয় প্রতিমা এবং আলোকসজ্জায় শ্রেষ্ঠ চার শিল্পীর হাতে চারটি ট্রফি স্থায়ীভাবে তুলে দেওয়া হবে। বাকিগুলি রানিং ট্রফি।
শর্মিলা বলেন, রোটারেক্ট শারদ সম্মান শুধু পুরস্কার নয়, আমাদের নিজস্ব সংস্কৃতি অক্ষুন্ন রেখে এর উত্তরোত্তর বিকাশে অনুপ্রাণিত করা। পাশাপাশি প্রতিমা, মণ্ডপ ও আলোকশিল্পীদের শিল্পচর্চার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন। তাই শুধু বড় বাজেটের পুজোগুলিই নয়, ছোট পুজোও কখনও শ্রেষ্ঠত্বের শিরোপায় ভূষিত হয়। উপমা জানান, আগামী ১১ অক্টোবর সন্ধ্যা পাঁচটায় রোটারি ক্লাবভবনে হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানেই ঘোষণা করা হবে বিজয়ীদের তালিকা। রাজর্ষির কথায়, এটি শিলচর রোটারেক্ট ক্লাবের কম্যুনিটি সার্ভিসের অঙ্গ। ২০০৪ সাল থেকে এই শারদ সম্মান চলছে। সেই হিসেবে এবার ২২-তম প্রয়াস।
উল্লেখ্য, রানিং ট্রফি দেওয়া হয় সার্বিক ভাবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়, শাস্ত্রীয় প্রতিমায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয়, আধুনিক প্রতিমায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয়, পরিষ্কার-পরিচ্ছন্নতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয়, মণ্ডপসজ্জায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয়, আলোকসজ্জায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয়, নিয়মশৃঙ্খলায় সেরা, ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যধারায় শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ পরিবেশ বান্ধব পূজা, শব্দদূষণ প্রতিরোধে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ থিম, শ্রেষ্ঠ নিরঞ্জন এবং দুটি বিশেষ রোটারেক্ট সম্মান।


