Barak UpdatesHappeningsBreaking News
সাংবাদিক রতন দেবের সহধর্মিনীর অকাল মৃত্যু, শোক বিভিন্ন মহলে

ওয়েটুবরাক, ১১ জুলাই: বিশিষ্ট সাংবাদিক তথা বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা (বাকস)-র কেন্দ্রীয় সভাপতি রতন দেবের সহধর্মিনী তাপসী দেব আর নেই। শনিবার ভোর ৩টা ৪৫ মিনিটে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর। তাঁর অকালপ্রয়াণে বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা সহ সংবাদ মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
দীর্ঘদিন থেকে তিনি ডায়াবেটিসজনিত জটিলতায় ভুগছিলেন। প্রথমে শ্রীকোণা কল্যাণী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে গত ২২ জুন তাঁকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সার্জারি বিভাগে চিকিৎসা চলাকালীন তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। তবে শেষরক্ষা হয়নি।
শনিবার দুপুরে শিলচর শ্মশানঘাটে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। সে সময় বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার সদস্যরা উপস্থিত থেকে প্রয়াতের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শ্মশানঘাটে উপস্থিত হয়ে শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত সহ বিভিন্ন মহলের ব্যক্তিবর্গ রতন দেবের সঙ্গে সাক্ষাৎ করে প্রয়াতের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তাঁর অকালপ্রয়াণের সংবাদ ছড়িয়ে পড়তেই সাংবাদিক, ক্রীড়া সংগঠক, সমাজসেবী সহ বিভিন্ন মহল থেকে রতন দেবের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয় এবং প্রয়াতের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করা হয়।



