Barak UpdatesHappeningsBreaking News
ভাবীকালের জুবিন স্মরণ, বরাকও সম্মোহিত

ওয়েটুবরাক, ২৩ সেপ্টেম্বরঃ কিংবদন্তী শিল্পী জুবিন গর্গের প্রতি আবেগ, শ্রদ্ধা-ভালবাসা ব্রহ্মপুত্র উপত্যকার চেয়ে কোনও অংশে কম নয় বরাক উপত্যকায়। বিভিন্ন সংস্থা-সংগঠন তাঁর স্মরণে সভা করছে। কেউ নীরবতা পালন করে, কেউ সভা শেষে মোমবাতি জ্বালিয়ে তাঁর আত্মার চিরশান্তি কামনা করছে।
সোমবার সন্ধ্যায় শোকসভার আয়োজন করে বরাক উপত্যকার প্রখ্যাত নাট্যসংস্থা ভাবীকাল। শিলচর দাস কলোনির আনন্দলোক কমপ্লেক্স স্থিত কার্যালয়ে আয়োজিত ওই সভায় ভাবীকালের নির্দেশক শান্তনু পাল বলেন, জুবিন গর্গের অকালপ্রয়াণে শোকপ্রকাশের কোনও ভাষা নেই। সুব্রত রায়ের কথায়, তাঁর মৃত্যু প্রকৃত অর্থেই নক্ষত্রপতন। সম্প্রদায়ে সম্প্রদায়ে, ভাষায় ভাষায়, জাতিতে জাতিতে বিভক্ত মানুষগুলোকে মনে হচ্ছে, এক ভালবাসার বাক্সে বন্দি করে তাঁর দিকে টেনে নিয়ে গেলেন। জুবিন তাঁর শিল্পসত্তা দিয়ে, মানুষের প্রতি নিঃস্বার্থ ভালবাসা দিয়ে, রাজনৈতিক স্রোতের বিপরীতে হেঁটে সম্মোহিত করে ফেলেছেন সবাইকে। সুব্রত তাঁকে প্রকৃত মানবদরদী, সাহসী শিল্পী বলে অভিহিত করেন। সায়ন্তনী পাল বলেন, জুবিন বিখ্যাত সঙ্গীতশিল্পী ছিলেন বটে, কিন্তু তাঁর অভিনয় প্রতিভাও ছিল ঈর্ষনীয়। তাঁর প্রয়াণে অভিনয়জগতেরও বিরাট ক্ষতি হল।
“আমার কোনও জাতি নেই, ধর্ম নেই, আমি মুক্ত”, জুবিনের সেই মন্তব্য বিশেষ ভাবে উল্লেখ করেন পল্লব ভট্টাচার্য। তিনি বলেন, আজকের সমাজে দাঁড়িয়ে এমন কথা বলার সাহস কয়জনের আছে ! আলোচনা শেষে উপস্থিত সকলে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে জনপ্রিয় শিল্পী জুবিন গর্গের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন।



