Barak UpdatesHappeningsBreaking News
নারী শিক্ষাশ্রম ও জীবনজ্যোতি হাসপাতালের যৌথ উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবির বড়জালেঙ্গায়

ওয়ে টু বরাক, ১৬ জুন : শিলচরের শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম ও জীবন জ্যোতি ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্স হাসপাতালের যৌথ উদ্যোগে রবিবার ধলাই বিধানসভার বড়জালেঙ্গায় আয়োজিত হল বিনামূল্যে স্বাস্থ্য শিবির। স্থানীয় বড়জালেঙ্গা পায়োনিয়ার সংঘ ক্লাবের সক্রিয় সহযোগিতায় এ দিন দুটি প্রতিষ্ঠানের খ্যাতিসম্পন্ন ডাক্তাররা মোট ৪১০ জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন । তাছাড়া রোগীদের হাতে বিনামূল্যে ওষুধপত্র তুলে দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে।
এ দিনের স্বাস্থ্য শিবিরে বক্তব্য রাখতে গিয়ে শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম হাসপাতালের সম্পাদক বিশিষ্ট অর্থপেডিক্স সার্জন ডাঃ রাজদীপ রায় বলেন, শিবিরে অংশ নেওয়া প্রতিজন রোগীই গরীব থেকে গরীবতর, কাজেই তাদের সেবা প্রদান করতে পেরে ও বিনামূল্যে ওষুধপত্র তুলে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। তিনি বলেন ‘মানব সেবাই ঈশ্বর সেবা’ এবং ডাক্তার হিসাবে পেশাগত কারণে আমরা মানব সেবার কাজে জড়িত থাকি যা আমাদের মনকে আনন্দিত করে তুলে । শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম ও জীবনজ্যোতি ইন্সটিটিউট অব ম্যাডিক্যাল সায়েন্স এর মতো স্বনামধন্য হাসপাতালের তরফে আগামীদিনেও এ ধরনের স্বাস্থ্য শিবির জারি থাকবে বলে জানান ডাঃ রাজদীপ। তিনি পায়োনিয়ার সংঘের সকল কর্মকর্তাদের এই স্বাস্থ্য শিবিরকে সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতার হাত বাড়ানোর জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য এ দিনের স্বাস্থ্য শিবিরে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন ডাঃ রাজদীপ রায়, ডাঃ অরিজিৎ পাল, ডাঃ পিনাকী চক্রবর্তী, ডাঃ পিনাকপাণি ধর, ডাঃ পার্থ প্রতীম দত্ত, ডাঃ রাজশেখর নাথ, ডাঃ সুব্রত নন্দী, ডাঃ দেবঞ্জনা দত্ত মজুমদার, ডাঃ কীর্তিভাষণ এস, ডাঃ তন্ময় সাহা ও ডাঃ অনুভব লস্কর প্রমুখ। শিবির পরিচালনা করতে সহযোগিতায় ছিলেন পায়োনিয়ার সংঘের সভাপতি ধ্রুব ভট্টাচার্য, সম্পাদক রাহুল দেব, সহ-সভাপতি সুজন গুপ্ত, সদস্য উৎপল গুপ্ত ও মদন কালিন্দী, সমাজকর্মী সঞ্জয় ঘোষ, কৃষ্ণ রায় চৌধুরী প্রমুখ।


