Barak UpdatesHappeningsBreaking News
২ আগস্ট থেকে শিলচরে তিনদিনের আকাঙ্খা হাট

ওয়েটুবরাক, ৩১ জুলাই :— “ভোকাল ফর লোকাল”–নিতি আয়োগের স্বপ্নোদ্যোগকে সার্থক রূপ দিতে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে, শিলচরের ডাক বাংলো প্রাঙ্গণে আগামী ২ আগস্ট থেকে জেলার বিভিন্ন প্রান্তের স্বনির্ভর গোষ্ঠীর অংশগ্রহণে আয়োজিত হতে চলেছে তিনদিনব্যাপী জেলা-স্তরের আকাঙ্ক্ষা হাট।
কাছাড় জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে ছড়িয়ে থাকা কুটির শিল্প, হস্তশিল্প, অর্গানিক খাদ্যপণ্য, এবং মহিলাদের দ্বারা পরিচালিত উদ্যোগসমূহ এই মেলার মাধ্যমে এক নতুন আলোর দিশা পাবে বলে আশা করা হচ্ছে।
আগামী ২ আগস্ট সন্ধ্যা সাড়ে ৫টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে হাটের সূচনা করবেন কাছাড় জেলার জেলাশাসক শ্রী মৃদুল যাদব। এই হাটকে ঘিরে প্রতিদিন সন্ধ্যায় আয়োজিত হবে সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে স্থানীয় শিল্পীরা তুলে ধরবেন বরাক উপত্যকার লোকসংস্কৃতি ও সৃষ্টিশীলতাকে।
বরাক উপত্যকার তথ্য ও জনসংযোগ বিভাগের শিলচর আঞ্চলিক কার্যালয় থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আকাঙ্ক্ষা হাট একটি আদর্শ প্ল্যাটফর্ম যেখানে ঐতিহ্য ও আধুনিকতা মিলে যায়, আর সম্প্রদায়ভিত্তিক উদ্যোগ হয়ে ওঠে উন্নয়নের চালিকাশক্তি।



