India & World UpdatesHappeningsBreaking News

দ্বিতীয় নাম নেই, শুভেন্দু অধিকারীই পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী

ওয়েটুবরাক, ৮ মে: পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। কলকাতায় শুক্রবার বিকেলে বিজেপির নির্বাচিত বিধায়কদের বৈঠকে  তাঁকে মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করেন অমিত শাহ।

শুভেন্দু অধিকারী চলতি বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হারিয়েছেন।

 বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা বেছে নেওয়ার জন্য পর্যবেক্ষক হিসাবে কলকাতায় গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। সঙ্গে রয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি।

নবনির্বাচিত বিধায়কদের নিয়ে পরিষদীয় বৈঠকের পর অমিত শাহ বলেন, ”পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আটটা প্রস্তাব এসেছিল। সব প্রস্তাবে একটাই নাম ছিল। দ্বিতীয় নামের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু কোনও দ্বিতীয় নাম আসেনি। তাই শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করছি।”

২০১১ সালে ৩৪ বছরের বাম জমানার ইতি টেনে রাজ্যে ক্ষমতায় এসেছিল মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল সরকার। সেই অধ্যায়ের এক অন্যতম মুখ ছিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম আন্দোলনের সময় তাঁর সক্রিয় ভূমিকা সেই সময় ‘পরিবর্তন’ আনতে সাহায্য করেছিল।

 

চলতি বছরের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ‘পাখির চোখ’ করে যখন রাজ্যে আবার ‘পরিবর্তনের’ ডাক এল, তারও অন্যতম প্রধান মুখ শুভেন্দু অধিকারী।

বিশ্লেষকেরা বলছেন, তারই হাত ধরে আরো একবার ঐতিহাসিক পালাবদলের সাক্ষী হলো পশ্চিমবঙ্গের রাজনীতি।

 

শুভেন্দু অধিকারীই যে নতুন মুখ্যমন্ত্রী হবেন, তা অনেকের কাছেই ছিল প্রত্যাশিত। একদিকে যেমন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তার যোগাযোগ রয়েছে, তেমনই পশ্চিমবঙ্গে বিজেপির মুখ হিসেবে নিজেকে তুলে ধরেছিলেন তিনি। পাশাপাশি তিনবারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এই নিয়ে দ্বিতীয়বার ভোটযুদ্ধে পরাস্ত করেছেন তিনি।

 

প্রথমবার ২০২১ সালে তার ‘নিজের মাঠ’ নন্দীগ্রাম থেকে এবং দ্বিতীয়বার (২০২৬ সালে) মমতা ব্যানার্জির ‘ঘরের মাঠ’ ভবানীপুর থেকে।

 

তবে ২০২১ সালের নির্বাচনে বিজেপি ক্ষমতায় না এলেও বিরোধী দলনেতা হিসেবে বিধানসভা এবং রাজপথ— দুই জায়গাতেই আক্রমণাত্মক ভূমিকায় দেখা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি, আইনশৃঙ্খলা, শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি থেকে শুরু করে প্রশাসনিক ইস্যু- বিভিন্ন বিষয় নিয়ে ধারাবাহিকভাবে বিরোধীদের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তিনি।

 

শনিবার সকালে কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker