Barak UpdatesHappeningsBreaking News
রবিবার শিলচরে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে কৃষ্ণেন্দু পালের মত বিনিময় সভা

ওয়েটুবরাক, ২৭ জুন: বরাক উপত্যকা উন্নয়ন দফতরের দায়িত্ব নিয়ে অভিনব উদ্যোগ গ্রহণ করেছেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এই অঞ্চলের জনগণের অভাব-অভিযোগ, দাবি-প্রত্যাশা ও পরামর্শ জানতে আগামীকাল রবিবার বেলা সাড়ে এগারোটায় কাছাড় ক্লাবে শহরের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মত বিনিময়ে এক সভার আয়োজন করেছেন। তাতে মন্ত্রী কৌশিক রাই এবং দুই সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও কণাদ পুরকায়স্থও উপস্থিত থাকবেন। সকল বিজেপি বিধায়কদের সঙ্গে আমন্ত্রণ জানানো হয়েছে জেলার একমাত্র কংগ্রেস বিধায়ক আমিনুল হক লস্করকেও।
বরাক উপত্যকা উন্নয়ন দফতরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল অবশ্য আগেই জানিয়েছেন, তিনি বরাকের তিন জেলায় তিনটি মত বিনিময় সভার আয়োজন করবেন। বিশিষ্ট নাগরিকদের সঙ্গে আলোচনা করেই এই অঞ্চলের উন্নয়নের রূপরেখা তৈরি করবেন।

