Barak UpdatesHappeningsBreaking News

আনন্দমার্গের দর্শন: শিলচরে তিনদিনের আলোচনা সভা

ওয়েটুবরাক, ৬ জুলাই: গত ৪, ৫ ও ৬ জুলাই শিলচর রবীন্দ্র সরণি আনন্দমার্গ আশ্রমে তিন দিনের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় বরাক ভ্যালির আনন্দমার্গের কর্মী ও অনুগামীরা অংশগ্রহণ করেন। তিনদিন ধরে আনন্দমার্গ দর্শনের সামাজিক অর্থনৈতিক ও আধ্যাত্মিক বিষয়ের উপর আলোচনা করেন আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত ও আচার্য শুভদীপানন্দ অবধূত। ৫ জুলাই বিকেলে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পথ পরিক্রমা করে রবীন্দ্রসরণি হাইলাকান্দি রোড সংযোগের সামনে সমবেত হয় ও সেখানে এক সভা হয়। ওই সভায় আনন্দমার্গ প্রচারক সংঘের শিলচর শাখার পক্ষ থেকে ৬০ জন আর্থিক দুর্বল মানুষের হাতে মশারি তুলে দেয়া হয়। পাঁচ শতাধিক মানুষকে খিচুড়ি প্রসাদ দেওয়া হয়।

সভায় আনন্দমার্গ জীবন দর্শনের উপর বক্তব্য রাখেন সমর পাল ও আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত। আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত আনন্দমার্গ দর্শনের আধ্যাত্মিক সাধনা, সামাজিক অর্থনৈতিক বিষয়, শিল্প সাহিত্য সংস্কৃতি বিষয়ে আলোচনা করেন। তার বক্তব্যে আনন্দমার্গের চিন্তাধারার মৌলিকত্ব ও নতুনত্ব সুস্পষ্ট রূপে ফুটে ওঠে। তিনি বর্তমান সামাজিক অবক্ষয়ের জন্য আর্থিক বৈষম্য ও অশ্লীল সাহিত্য চলচ্চিত্র সংগীতকে দায়ী করেন। শিল্প সাহিত্য সম্পর্কে তিনি বলেন, শিল্পের খাতিরে শিল্প নয়, শিল্প ও সাহিত্য সম্পর্কে আনন্দমার্গের দৃষ্টিভঙ্গি শিল্প-সাহিত্য হবে সেবা ও কল্যাণের জন্য।

 অর্থনীতি বিষয়ে তিনি বলেন, বর্তমান অর্থনীতি শুধু বস্তা পচা তত্ত্বকথার কচকচানিতে ভরা। অর্থনীতি হবে স্বয়ংসম্পূর্ণ ও প্রয়োগভৌমিক বিজ্ঞান যা সমাজের সর্বশ্রেণির মানুষের আর্থিক মানোন্নয়ন করবে। তিনি সমাজের সর্বশ্রেণীর মানুষকে আনন্দমার্গের উদার অসাম্প্রদায়িক আদর্শের পতাকাতলে সামিল হতে আহ্বান জানান।

তিনদিনের এই আলোচনা সভা ও সমগ্র অনুষ্ঠান সুচারু রূপে পরিচালনা করেন কাছাড় জেলার ভুক্তিপ্রধান পান্না রায় ও আচার্য প্রমথেশানন্দ অবধূত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker