Barak Updates

মামলা, পাল্টা মামলা ও প্রতিবাদে সোচ্চার জেল রোড

ওয়েটুবরাক, ৬ অক্টোবর:  জেল রোডের উল্লাসকর দত্ত সরণি সর্বজনীন পুজো কমিটির দুই কর্মকর্তাকে শ্লীলতাহানি মামলায় গ্রেফতারের প্রতিবাদে সরব হয়ে উঠেছেন ওই এলাকার বহু নারী-পুরুষ, তরুণ-প্রবীণ৷ তাঁদের অভিযোগ, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এলাকার দুইজনকে৷ বরং শ্লীলতাহানি, মারধর, ঠেলাধাক্কা করেছেন সুজান পুরকায়স্থ, তাঁর ভাই সন্দীপ পুরকায়স্থ ও মা বীণা পুরকায়স্থ৷ এলাকাবাসীর তরফে রূপা রাহা এন্দো সোমবার শিলচর সদর থানায় একটি এফআইআর দায়ের করেও এই কথা বলেন৷ সবাই মিলে দল বেঁধে থানায় গিয়ে ওসির কাছে অভিযোগ জানান তাঁরা৷

পরে সাংবাদিকদের বলেন, ধৃত দেবতনু রাহা ও অরিন্দম চৌধুরীকে মুক্তি দিয়ে শীঘ্রই সুজান, সন্দীপ ও বীণা পুরকায়স্থকে গ্রেফতার করা না হলে গোটা এলাকার মানুষ বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনে সামিল হবেন৷ মিতালি রাজকুমারী, রূপা রাহা, রীনা রাহা, তনুজা রায়, দীপান্বিতা রায়, মৌসুমী ভৌমিক প্রমুখ বলেন, খিচুড়ি খেয়ে থালা ফিরিয়ে দেওয়ার অনুরোধের মতো সাধারণ ঘটনা থেকে বিতর্কের সূচনা৷ সুজান ওরফে সুস্মিতা একে চুরির অপবাদ বলে তর্ক জুড়েন৷ তখনই পূজা কমিটির কাছে আয়-ব্যয়ের হিসেব চান৷ মণ্ডপ এবং কাছাকাছি এলাকায় সে সময় বিভিন্ন বয়সের মানুষ উপস্থিত ছিলেন৷ সবাই বলেন, এ কেমন কথা৷ হিসেব দেওয়ার রীতি রয়েছে৷ ওইসব কথাবার্তার মধ্যে সুজান এবং তাঁর মা-ভাই ঠেলাধাক্কা, শারীরিক নিগ্রহ শুরু করেন৷ তাতে গীতাঞ্জলি চৌধুরী নামে এক মহিলা জখম হন৷ তাকে প্রথমে শিলচর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়৷ অবস্থার অবনতি হলে পরে ভর্তি করা হয় গ্রিনহিলস হাসপাতালে৷ এখনও তিনি সেখানে চিকিতসাধীন৷ এ ছাড়া, চম্পক রাহা নামে এক প্রবীণ নাগরিককে নিগৃহীত করেন৷ তনুজা রায়ের পোশাক ছিঁড়ে ফেলে বলেও এফআইআরে উল্লেখ করা হয়েছে৷

এই পুজোর পুরোহিত বিশ্বজিৎ চক্রবর্তী বলেন, সুজান যে শ্লীলতাহানির অভিযোগ করেছেন, এমন কোনও ঘটনাই ঘটেনি৷ পাড়াসুদ্ধ মানুষের সামনে শ্লীলতাহানির কথাই বা ওঠে কী করে৷ কিছু মহিলা আইনের অপব্যবহার করে বলেও তিনি আক্ষেপ ব্যক্ত করেন৷

ওই এলাকার বাসিন্দা, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব চিত্রভানু ভৌমিক বলেন, সুজান পাড়ায় থেকে পাড়ার বদনাম করেছেন, দশরূপক ক্লাবকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন, সে সব অত্যন্ত নিন্দনীয়৷ সুজান, সন্দীপ ও বীণা পুরকায়স্থের কঠোর শাস্তির দাবি করেছেন অবসরপ্রাপ্ত কর্মচারী নেতা সঞ্জিত দেবনাথ, শিক্ষক-কর্মচারী নেতা কৃষ্ণেন্দু রায় প্রমুখ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker