Barak UpdatesHappenings

ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় সাহা টেক্সটাইল এবং লায়ন্স গ্রেটারের রক্তদান শিবির

ওয়ে টু বরাক, ২৩ এপ্রিল : সামাজিক দায়বদ্ধতার অঙ্গ হিসেবে শিলচরের শিলংপট্টি এলাকার ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘সাহা টেক্সটাইল’ এবং ‘লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটার’-এর যৌথ উদ্যোগে আয়োজিত হয় স্বেচ্ছা রক্তদান শিবির। ২৩ এপ্রিল সকাল সাড়ে ১১টায় উল্লাসকর দত্ত সরণির সাহা টেক্সটাইলে শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি ছিল কাছাড় ক্যানসার হাসপাতালের ভ্রাম্যমাণ রক্ত সংগ্রহ ইউনিট (মোবাইল ভ্যান)। এই উদ্যোগের সহযোগিতায় ছিল ‘বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম’-এর কাছাড় জেলা কমিটি। রক্ত সংগ্রহ প্রক্রিয়ার কারিগরি তদারকিতে ছিল কাছাড় ক্যানসার হাসপাতাল ব্লাড সেন্টার।

মুমূর্ষু রোগীদের প্রয়োজনে আয়োজিত শিবিরে ১০ জন রক্তদান করেন। এদিন রক্তদানের মাধ্যমে জন্মদিন উদযাপন করেন লায়ন সদস্য অনিক ঘোষ। জন্মদিনের শুভেচ্ছা জানাতে ছেলের সাথে বাবা লায়ন্স শিলচর গ্রেটারের প্রাক্তন সভাপতি আনন্দ ঘোষও রক্তদান করেন। এছাড়াও রক্তদান করেন লায়ন্স শিলচর গ্রটারের সভাপতি ঝুমুর দত্ত, বিশ্বজিৎ পাল, অরিজিৎ শেখর রায়, সুজন দেব, রাজা বড়ো প্রমুখ। ব্লাড সেন্টারের পক্ষে উপস্থিত ছিলেন কাউন্সিলর শতরূপা কংসবণিক, টেকনিশিয়ান সুপারভাইজার জহিরুল ইসলাম, আজিম উদ্দিন প্রমুখ। শিবির চলাকালীন প্রত্যেক রক্তদাতাকে ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে শংসাপত্র ও মেডেল এবং কাছাড় ক্যানসার হাসপাতাল ব্লাড সেন্টারের পক্ষ থেকে পৃথক শংসাপত্র প্রদান করা হয়।

সাহা টেক্সটাইলের সত্ত্বাধিকারী তথা লায়ন্স শিলচর গ্রেটারের অন্যতম কর্মকর্তা রোহিত পাল হিমোগ্লোবিন এর মাত্রা কম থাকায় রক্তদান করতে পারেননি। তিনি জানান, সামাজিক দায়বদ্ধতার কারণে সাহা টেক্সটাইল প্রায় চার মাস অন্তর অন্তর রক্তদান শিবির আয়োজন করে আসছে এবং আগামীতেও এই ধরনের প্রয়াস অব্যাহত থাকবে। শিবিরের শেষ মুহূর্তে ফোরামের পক্ষ থেকে কেক কেটে অনিক ঘোষের জন্মদিন উদযাপন করা হয়।

সুষ্ঠুভাবে শিবির পরিচালনা এবং রক্তদাতাদের উৎসাহ যোগাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা সভাপতি দেবব্রত পাল, সাধারণ সম্পাদক সব্যসাচী রুদ্র গুপ্ত, সহ সভাপতি রঞ্জিত মিশ্র, কোষাধ্যক্ষ কল্যাণ পাল, মহিলা শাখার কোষাধ্যক্ষ গৌরী দেবনাথ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আশু পাল, কেন্দ্রীয় প্রচার সচিব সুজয় নাথ, কেন্দ্রীয় কার্যালয় সম্পাদক প্রবাল বণিক, লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটারের সভাপতি ঝুমুর দত্ত, সম্পাদক পিতম গোস্বামী, সদস্যা দীপশিখা পাল প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker