Barak UpdatesHappeningsBreaking News
হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যা মোকাবিলায় ইছারপারে দুর্যোগ প্রস্তুতির মহড়া

ওয়েটুবরাক, ৬ জুলাই: বর্ষা মৌসুমে সম্ভাব্য বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গ্রামীণ জনগোষ্ঠীকে আরও প্রস্তুত করে তুলতে রবিবার কাছাড় জেলার সোনাইয়ের ইছারপারে দুর্যোগ ব্যবস্থাপনা সচেতনতা ও মহড়া অনুষ্ঠিত হয়। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ডিডিএমএ), কাছাড় এবং হক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে, এনডিআরএফ, শিলচরের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে নারী, যুবক-যুবতী, প্রবীণ নাগরিক, শিক্ষার্থী ও স্থানীয় স্বেচ্ছাসেবকসহ প্রায় ১৫০ জন অংশগ্রহণ করেন।
উদ্বোধনী পর্বে বক্তারা কাছাড় জেলার বন্যাপ্রবণ এলাকার বাস্তব পরিস্থিতি তুলে ধরে দুর্যোগের পূর্বপ্রস্তুতি, সময়মতো সরকারি সতর্কবার্তা অনুসরণ এবং সচেতনতার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
পরবর্তীতে এনডিআরএফ-এর বিশেষজ্ঞ দল অনুসন্ধান ও উদ্ধার অভিযান, জরুরি সাড়াদান, নিরাপদ স্থানান্তর, প্রাথমিক চিকিৎসা এবং বন্যার সময় করণীয় বিষয়ে বাস্তবভিত্তিক প্রদর্শনী ও হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন। উদ্ধার সরঞ্জামের ব্যবহার, আহত ব্যক্তিকে নিরাপদে বহন এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন কৌশলও প্রদর্শন করা হয়।
লাইভ প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা সক্রিয়ভাবে অংশ নেন এবং দুর্যোগের সময় কীভাবে আতঙ্ক এড়িয়ে নিজেদের ও অন্যদের নিরাপদ রাখতে হবে, সে বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। প্রশিক্ষকরা গুজবে কান না দেওয়া, সরকারি নির্দেশনা মেনে চলা এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। উপস্থিত গ্রামবাসীরা এ ধরনের উদ্যোগকে অত্যন্ত সময়োপযোগী ও জনকল্যাণমূলক বলে অভিহিত করেন।

হক ফাউন্ডেশনের পক্ষ থেকে জাহেদ আনোয়ার বরভুঁইয়া কর্মসূচিটি সফলভাবে আয়োজনের জন্য জেলাশাসক-কাম-চেয়ারপার্সন, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ডিডিএমএ), কাছাড়, এনডিআরএফ শিলচর, স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবক এবং উপস্থিত সকল অংশগ্রহণকারীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, “দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; সচেতন, প্রশিক্ষিত ও প্রস্তুত জনগোষ্ঠীই দুর্যোগ মোকাবিলার সবচেয়ে বড় শক্তি। জনসচেতনতা বৃদ্ধি ও মানবকল্যাণে ভবিষ্যতেও হক ফাউন্ডেশন এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করে যাবে।”
হক ফাউন্ডেশনের পক্ষ থেকে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

