NE UpdatesHappeningsBreaking News

বরাক থেকে কৌশিক-কৃষ্ণেন্দুই, মন্ত্রিতালিকা প্রকাশ করলেন হিমন্ত

ওয়েটুবরাক, ৪ জুন: বহু জল্পনা-কল্পনা, অনুমাননির্ভর নাম ছড়ানো, রাজনীতিবিদদের প্রবল উৎকণ্ঠার পর আগামীকাল যে ১২জন মন্ত্রীপদে শপথ নেবেন, তাঁদের তালিকা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। ওই তালিকায় বরাক উপত্যকা থেকে আগের মতই দুইজনকে রাখা হয়েছে। ফের মন্ত্রী হলেন কৌশিক রাই ও কৃষ্ণেন্দু পাল।

অন্য দশজন হলেন অশ্বিনী রায় সরকার, অশোক সিঙ্ঘল, বিমল বরা, বিশ্বজিৎ দৈমারি, জয়ন্ত মল্ল বরুয়া, কেশব মহন্ত, নীলিমা দেবী, রণোজ পেগু, পীযূষ হাজরিকা ও সুশান্ত বরগোঁহাই।

লক্ষীপুরের বিধায়ক কৌশিক রাই এবং পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালকে হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন দ্বিতীয় মেয়াদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করায় সমগ্র বরাক উপত্যকায় ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। দুই নেতা বরাক উপত্যকার উন্নয়নমূলক অগ্রাধিকারগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি রাজ্যের বৃহত্তর প্রশাসনিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে অঙ্গীকার করেন।

মন্ত্রী হিসেবে তালিকাভুক্ত হওয়ার পর কৌশিক রাই সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর এই আস্থা তাঁর কাছে যেমন সম্মানের, তেমনি জনসেবায় আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার নতুন দায়িত্বও বটে।

তিনি লক্ষীপুর কেন্দ্রের জনগণ, দলীয় নেতৃত্ব, কর্মী ও শুভানুধ্যায়ীদেরও ধন্যবাদ জানান এবং বলেন, তাঁদের সমর্থন ও আশীর্বাদই তাঁর রাজনৈতিক যাত্রার মূল শক্তি। কৌশিক আশ্বাস দেন, তিনি জনকল্যাণ ও একটি নিরাপদ ও উন্নত অসম গড়ার লক্ষ্যে নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যাবেন।

২০২৪ সালের ডিসেম্বর মাসে কৌশিক রাই ও কৃষ্ণেন্দু পালকে প্রথম মন্ত্রী নিযুক্ত করে গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব দেওয়া দিয়েছিলেন হিমন্ত বিশ্ব। কৌশিক রায়ের হাতে ছিল খাদ্য, গণবণ্টন ও ভোক্তা বিষয়ক, খনি ও খনিজ দপ্তর এবং নবগঠিত বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। অন্যদিকে কৃষ্ণেন্দু পাল পেয়েছিলেন পশুপালন ও ভেটেরিনারি, মৎস্য এবং পিডব্লিউডি দফতরের দায়িত্ব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker