Barak UpdatesAnalyticsBreaking News
১৭ মে বরাকে আসছেন অসম সাহিত্য সভার ১৭ জনের প্রতিনিধিদল

ওয়ে টু বরাক, ৬ মে : অসম সাহিত্য সভার কেন্দ্রীয় সভাপতি ডঃ বসন্ত কুমার গোস্বামী, প্রধান সম্পাদক দেবজিৎ বরার নেতৃত্বে ১৭ জনের এক প্রতিনিধিদল বরাক উপত্যকা সফরে আসছেন ১৭ মে। বরাক উপত্যকার ভাষা-সাহিত্য-কৃষ্টি সংস্কৃতি-সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান সহ অন্যান্য বিষয় নিয়ে মতবিনিময় করতে আসছে প্রতিনিধি দলটি। বরাকের তিন জেলায় তাঁরা অবস্থান করবেন। এ খবর জানিয়েছেন অসম সাহিত্য সভার কেন্দ্রীয় কার্যনির্বাহক কমিটির সদস্য তথা হাইলাকান্দির জেলা প্রতিনিধি অনিন্দ্য কুমার নাথ।
তিনি জানান, ২০২৫-২৭ দুই বছরের কার্যকালের অসম সাহিত্য সভার নয়া কমিটি গঠন হয়েছে চলতি বছরের ফেব্রুয়ারিতে, সভার পাঠশালা অধিবেশনে। নয়া কমিটি দায়িত্ব নেওয়ার পর রাজ্যের প্রতিটি জেলা সফর করছেন সভাপতি ও প্রধান সম্পাদকের নেতৃত্বে বড়সড় এক প্রতিনিধিদল। অসম সাহিত্য সভার “সেতু বন্ধ-৪” কর্মসূচি নাম দিয়ে জেলায় জেলায় সফর করে বিশিষ্ট নাগরিক, কবি সাহিত্যিক লেখক সাংস্কৃতিক কর্মী, বুদ্ধিজীবী, সমাজসেবী সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান সম্পর্কে অবগত হচ্ছেন তাঁরা। এই সূত্র ধরে ১৭ মে তিনদিনের জন্য প্রথমবারের মতো বরাক উপত্যকায় আসছেন তাঁরা। ১৯ মে রাতে গুয়াহাটি ফিরে যাবে প্রতিনিধি দলটি।
সভাপতি ডঃ বসন্ত কুমার গোস্বামী প্রধান সম্পাদক দেবজিৎ বরা ছাড়াও প্রতিনিধিদলে রয়েছেন, উপসভাপতি পদুম রাজখোঁয়া, অঞ্জনা গোস্বামী, ডঃ জ্যোতিরেখা হাজারিকা, ধীরেন শর্মা, নিত্যানন্দ বরা, গোবিন্দ কলিতা, ডঃ মৃন্ময় নাথ, রমেন ভরালি, গৌতম গগৈ, দিগন্ত কুমার ভূঁইয়া, হৃদয়ানন্দ গগৈ, খগেন চন্দ্র দাস, প্রশান্ত চক্রবর্তী, রুনামি শর্মা ও দিলীপ শইকিয়া।
রাজ্য কার্যনির্বাহী কমিটির সদস্য অনিন্দ্য কুমার নাথ তিনদিনের কর্মসূচি সম্পর্কে জানিয়েছেন, অসম সাহিত্য সভার সভাপতি ড বসন্ত কুমার গোস্বামীর নেতৃত্বে ১৭ জনের প্রতিনিধিদল ১৬ মে গুয়াহাটি থেকে রওনা দিয়ে ১৭ মে শনিবার শিলচর পৌঁছবেন। এখানে সামান্য বিরতির পর চলে যাবেন হাইলাকান্দি। তিনদিনের কর্মসূচির মধ্যে প্রথম সেতুবন্ধ-৪ কর্মসূচি হবে হাইলাকান্দি। ওইদিন বেলা সাড়ে এগারোটায় হাইলাকান্দির শ্যামসুন্দর উৎসব ভবনে জেলার কবি- সাহিত্যিক-লেখক-সাংস্কৃতিক কর্মী-বুদ্ধিজীবী- সমাজসেবী সহ বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময় করবেন। এই কর্মসূচির পর হাইলাকান্দির জেলা আয়ুক্ত, পুলিশ সুপার সহ আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন তাঁরা। এদিনই বিকেলে চলে যাবেন শ্রীভূমিতে। সেখানেও রয়েছে ওই একই কর্মসূচি। শ্রীভূমি থেকে রাতে ফিরে যাবেন শিলচর।
পরদিন ১৮ মে শিলচরে বিহু অনুষ্ঠানে যোগদান করবেন অসম সাহিত্য সভার প্রতিনিধিদল। এদিন রয়েছে অন্যান্য কর্মসূচিও। বৈঠক করবেন জেলা আয়ুক্ত পুলিশ সুপারের সঙ্গে। ১৯ মে ভাষা শহিদ দিবস। এদিন শিলচরে ভাষা শহিদ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অসম সাহিত্য সভার সভাপতির নেতৃত্বে প্রতিনিধিদল। ওইদিন রাতেই তাঁরা গুয়াহাটি ফিরে যাবেন।
এদিকে, তাঁদের স্বাগত জানাতে প্রস্তুতি শুরু করে দিয়েছে হাইলাকান্দি জেলা সাহিত্য সভা। এ নিয়ে রবিবার রাতে অসম সাহিত্য সভার শিলচর আঞ্চলিকের সাংগঠনিক সম্পাদক সন্দীপন পালের পৌরোহিত্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা সভাপতি অনিন্দ্য কুমার নাথ, উপসভাপতি মনোজ কান্তি দাস, সম্পাদক মৃগেন দেব, আজীবন সদস্য রাজা পাল চৌধুরী সহ অন্যান্যরা। বৈঠকে ১৭ মে শনিবার অসম সাহিত্য সভার কেন্দ্রীয় সভাপতি ডঃ বসন্ত কুমার গোস্বামী, প্রধান সম্পাদক দেবজিত বরার নেতৃত্বে ১৭ জনের প্রতিনিধিদলের আগমন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। হাইলাকান্দিতে সেতু বন্ধ-৪ কর্মসূচি সফল করতে সভার প্রত্যেক সদস্য সহ নাগরিকদের কাছে অনুরোধ করা হয়।



