Barak UpdatesAnalyticsCultureBreaking News
পুরনোকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে এ বারও ডিএসএ মাঠে গানমেলা

ওয়ে টু বরাক, ২৮ ডিসেম্বর : প্রতি বছরের মতো এ বারও ইংরেজি পুরনো বছরকে গানে গানে বিদায় জানিয়ে এবং নতুন বছরকে সুরের ভেলায় ভাসিয়ে বরণ করে নিতে আয়োজিত হচ্ছে ২ দিনব্যাপী চতুর্দশ গানমেলা। এটি হচ্ছে বরাক উপত্যকার দুই ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সমকাল ও স্বরলিপির যৌথ উদ্যোগে। জেলা ক্রীড়া সংস্থার প্রাঙ্গণে ইংরেজি বছর ২০২৪-এর ৩১ ডিসেম্বর এবং নতুন বছর ২০২৫-এর ১ জানুয়ারি সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে বিভিন্ন শিশু ও নবীন-প্রবীণ শিল্পীদের একক ও সমবেত স্বরে বাংলা গানের আসর।
এ বারের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে উপত্যকার স্থানীয় গীতিকার শ্যামাপ্রসাদ ভট্টাচার্যের প্রতি সন্মান জানিয়ে তাঁর কথা ও সুরকে কেন্দ্র করে এক বিশেষ আলেখ্য। সঙ্গে থাকছে আগরতলার বাচ্চু বাউলের অনুষ্ঠান। বিভিন্ন বাংলা গানে উৎসব প্রাঙ্গণে আলোড়ন তুলবে স্থানীয় কয়েকটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। অন্যান্য বছরের মতো এ বারও থাকছে বিভিন্ন রকমারি খাদ্যবস্ত্রের স্টল। দু’দিনব্যাপী এই মেলা প্রাঙ্গণে সকল সঙ্গীতশিল্পী,সংগঠক,সঙ্গীত অনুরাগীদের সাহায্য, সহায়তা ও উপস্থিতিতে অনুষ্ঠানকে সার্থক,সুন্দর ও সাফল্যমন্ডিত করে তোলার জন্য আবেদন জানানো হয়েছে গানমেলা কমিটির পক্ষ থেকে।



