Barak UpdatesHappeningsBreaking News
কাছাড় কলেজের বাংলা বিভাগে কবি-স্মরণ

ওয়েটুবরাক, ৮ আগস্ট: আজ শুক্রবার, কবিগুরুর ৮৪ তম মহাপ্রয়াণ দিবসে কাছাড় কলেজের বাংলা বিভাগের উদ্যোগে কবি-স্মরণ অনুষ্ঠান আয়োজিত হল। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। বিভাগীয় প্রধান ড. সুদীপ কুমার দাস তাঁর বক্তব্যের মাধ্যমে রবীন্দ্রনাথের জীবন-দর্শন ও বাঙালি-জীবনে রবীন্দ্রনাথের প্রভাব সম্পর্কে ছাত্র-ছাত্রীদের অবহিত করেন। তিনি বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অমূল্য সৃষ্টিসম্ভার দ্বারা সমৃদ্ধ হয়েছে বঙ্গসংস্কৃতি। আমরা সর্বদাই কবিগুরু রবীন্দ্রনাথের ভাবাদর্শকে আমাদের অন্তরের মাঝে অনুসরণ করে চলি জ্ঞাত কিংবা অজ্ঞাতসারে। বাঙালি জাতির অবক্ষয়ের দিনে রবীন্দ্রনাথের আদর্শ নতুনভাবে উজ্জীবিত করে তুলতে সহায়ক হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। বিভাগীয় প্রধান আরও বলেন, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীরা নিজেদের ঐতিহ্য ও পরম্পরা সম্পর্কে সচেতন হয়ে উঠবে ও মূল্যবোধের শিক্ষা অর্জনে সমর্থ হবে।
ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি পরিবেশিত হয়। সঙ্গীত পরিবেশন করেন বাংলা বিভাগের ছাত্র জিৎ দেব, সাক্ষী চন্দ ও উমা দেব। নৃত্য পরিবেশন করেন দীপশিখা চন্দ। সুললিত কন্ঠে একটি রবীন্দ্রসংগীত পরিবেশন করেন বিভাগের অধ্যাপিকা ড. সুচরিতা চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. মৈত্রী মান্না। অনুষ্ঠান পরিচালনার কাজে সহযোগিতা করেছেন বিভাগের শিক্ষিকা সঞ্চয়িতা দাম।


