Barak UpdatesHappeningsBreaking News
১১০৯ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত শিলচরে

ওয়েটুবরাক, ২৭ জুনঃ বিশাল পরিমাণ হেরোইন বাজেয়াপ্ত হল শিলচরে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কাছাড় পুলিশকে ধন্যবাদ জানিয়ে এক্স হ্যান্ডেলে বলেন, গোয়েন্দা সূত্রে থবর পেয়ে পুলিশ গাড়ি আটকে তল্লাশি চালায়। তখনই ধরা পড়ে ১১০৯ গ্রাম হেরোইন আনা হয়েছে গাড়িতে। সঙ্গে গ্রেফতার করা হয়েছে এক পাচারকারীকে। মুখ্যমন্ত্রীর হিসেব, বাজেয়াপ্ত সামগ্রীর বাজারমূল্য ৫.৫৫ কোটি টাকা।
কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার নোমল মাহাত্তা জানান, শুক্রবার ভোরে রামনগরের শিলচর-আইজল বাইপাসে বিশেষ অভিযান চালানো হয়। মণিপুরের চূড়াচাঁদপুর থেকে আসা একটি বোলেরোতে তল্লাশি চালান তাঁরা।
গাডির গোপন চেম্বার থেকে উদ্ধার করা হয় একশোটি সাবানের বাক্স। তাতেই লুকিয়ে রাখা ছিল ১১০৯ গ্রাম হেরোইন। নিষিদ্ধ মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে জগমিনিয়েন বাইতে নামে ২২ বছরের এক যুবককে। তার বাড়ি চূড়াচাঁদপুর জেলার কাঙভাইতে। তাকে জিজ্ঞাসাবাদ করে মাদক পাচারের আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।



