NE UpdatesHappeningsBreaking News
গুয়াহাটির হোটেল থেকে মণিপুরের কট্টর জঙ্গি গ্রেফতার

ওয়েটুবরাক, ২০ এপ্রিলঃ অনেকদিন ধরে তাকে খুঁজে বেড়াচ্ছিল মণিপুর পুলিশ। শনিবার রাতে সেনাগোয়েন্দা সূত্রে খবর পেয়ে গুয়াহাটির এক হোটেলে তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয় নিষিদ্ধঘোষিত পিপলস লিবারেশন আর্মির ক্যাডার মায়াঙলামবম ববি সিংহকে। গুয়াহাটির ডিসিপি মৃণাল ডেকা জানান, বেশ কিছুদিন ধরে গুয়াহাটিতে রয়েছে ববি। তার বাড়ি মণিপুরের থৌবাল জেলায়। রাজ্যের বিভিন্ন স্থানে জঙ্গি কার্যকলাপে জড়িয়ে ছিল সে। বহু থানায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তবে শনিবারের তল্লাশিতে তার কাছে কোনও অস্ত্র মেলেনি। জিজ্ঞাসাবাদের পরে তাকে মণিপুর পুলিশের হাতে তুলে দেওয়া হবে।
আসামের মাটিতে পিএলএ ক্যাডার ধরা পড়ার ঘটনা এই প্রথম নয়। ফেব্রুয়ারিতে হোজাইতে গ্রেফতার করা হয়েছিল তাণ্ডব সিংহ নামে এক জঙ্গিকে।
মণিপুরে নিরাপত্তা বাহিনী জঙ্গিবিরোধী অভিযান তীব্র করে তুলেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন স্থান থেকে ১১ জন জঙ্গিকে ধরা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে বহু আগ্নেয়াস্ত্র। তাদের মধ্যে নয়জনকে গ্রেফতার করা হয় পূর্ব ইম্ফল জেলা থেকে। বিষ্ণুপুর ও কাকচিঙে ধরা পড়েছে দুইজন। এরা কাঙলেইপাক কম্যুনিস্ট পার্টি, ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট, প্রিপাক, ইউনাইটেড পিপলস পার্টি কাঙলেইপাক, কাঙলেই ইয়ালুই কান্না লুপের সদস্য। দুইজন রয়েছে ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (পামবেই) ক্যাডার। থৌবাল জেলায় কেসিপি জঙ্গিদের ধরতে গেলে একদল স্থানীয় জনতা বাধা দেয়, গাড়িতে ভাঙচুর চালায়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলেই জানিয়েছে পুলিশ।



