Barak UpdatesHappeningsBreaking News
শুরু হল ধলাই বিধানসভা কেন্দ্রের গ্রীষ্মকালীন কর্মশালা

ওয়েটুবরাক, ১৬ জুলাই: শুরু হল ধলাই বিধানসভা কেন্দ্রের গ্রীষ্মকালীন কর্মশালা। শুক্রবার পালংঘাট সিসি জেসি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অসম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে এবং কাছাড় জেলা প্রশাসনের সহযোগিতায় ও বড়জালেঙ্গা পাইওনিয়র সংঘের ব্যবস্থাপনায় শুরু হয় এই কর্মশালা।
প্রদীপ প্রজ্জ্বলন করে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক নীহার রঞ্জন দাস। সঙ্গে ছিলেন সিসি জেসি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ, বিদ্যালয়ের অধ্যক্ষ মহম্মদ আনোয়ার উদ্দিন, পায়নিওর সংঘের সভাপতি শুভঙ্কর ভট্টাচার্য, পালংঘাট বিজেপি মন্ডল সভাপতি অপূর্ব দাস, বিদ্যালয়ের একাডেমিক ইনচার্জ কৃষ্ণপ্রসাদ গোয়ালা প্রমুখ।

বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দাস বলেন, শীঘ্রই ধলাই অঞ্চলে স্পোর্টস একাডেমি এবং মিউজিক একাডেমির যাত্রা শুরু হবে। পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক বিকাশের প্রয়োজন রয়েছে পড়ুয়াদের। সেই লক্ষ্যে বিগত কয়েক বছর থেকে অসমের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে গ্রীষ্মকালীন কর্মশালা। তিনি ধলাই অঞ্চলের সামগ্রিক উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।
আগামী ২৬ জুলাই পর্যন্ত চলবে এই কর্মশালা। এতে ষাটের অধিক পড়ুয়ারা অংশ নেয়। কর্মশালায় সঙ্গীত প্রশিক্ষণ দেবেন কিষণ দাস, যোগ শেখাবেন গোবিন্দ দাস, থিয়েটার প্রশিক্ষণ দেবেন দেবাশিস চক্রবর্তী।



