Barak UpdatesHappeningsBreaking News
ইংরেজি বর্ষবরণে এবারও গানমেলা করছে সমকাল-স্বরলিপি

ওয়েটুবরাক, ২৮ ডিসেম্বর: এবারও ইংরেজি নববর্ষকে বরণ করে নিতে গানমেলার আয়োজন করেছে সমকাল ও স্বরলিপি৷ এই অঞ্চলের সুস্থ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার লক্ষ্যেই শিলচরের দুই সাংস্কৃতিক সংগঠনের যৌথ ব্যবস্থাপনায় গত ১৫ বছর ধরে এই গানমেলা অনুষ্ঠিত হচ্ছে। ৩১ ডিসেম্বর সকাল ১০টায় এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে ৷ উদ্বোধক আসাম বিশ্ববিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যাপক, বিশিষ্ট গবেষক ড. বিশ্বতোষ চৌধুরী এবং বিশিষ্ট শিল্পী দীপক বক্সী৷
রবিবার গান মেলা কমিটির কার্যবাহী সভাপতি অরিন্দম ভট্টাচার্য এবং দুই আহ্বায়ক অরুন্ধতী দত্তরায় ও গোরা চক্রবর্তী জানান, ইংরেজি নববর্ষকে সামনে রেখে এমন কিছু অনুষ্ঠান এই শহরেও হয়, যা এই অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যকে বিপন্ন করে তোলে ৷ যুবসমাজ এর বিপরীতে অন্য কিছু না পেয়ে সেদিকেই ধাবিত হয় ৷ তাই তাঁরা এই অঞ্চলের ছোট-বড়, সুপরিচিত-স্বল্প পরিচিত শিল্পীদের নিয়ে গান মেলার আয়োজন করে চলেছেন৷
এতে ভালো ফল মিলছে বলেই দাবি করেন প্রচার সম্পাদক অভিজিৎ ধর সহ শাখী ভট্টাচার্য, সোনালী চৌধুরী, ভাস্কর দাস, জয়া ভাওয়াল প্রমুখ। তাঁরা জানান, অন্য বছরের মত এবারও আমন্ত্রিত শিল্পী যেমন থাকছেন, তেমনি এখানকার বিশিষ্ট সংগীত শিল্পীরা অনুষ্ঠান পরিবেশন করবেন ৷ রয়েছে শিশু মেলা, স্কুল ছাত্র ছাত্রীদের গান এবং কীর্তন৷ গান মেলার দুদিনেই তারা দুস্থদের মধ্যে পুরনো কাপড় বিতরণ করবেন বলেও জানিয়েছেন অরুন্ধতি দত্তরায়৷
৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি দুই দিনই সাড়ে ছয়টা থেকে থাকবে বিশেষ কর্মসূচি। ৩১ ডিসেম্বর গান গাইবেন বিভিন্ন সর্বভারতীয় প্রতিযোগিতার সফল মুখ স্বর্ণালী আচার্য। ১ জানুয়ারি অনুষ্ঠান রয়েছে জি-বাংলা খ্যাত দেবরাজ দাসের ৷ গান গাইবে এই অঞ্চলের মঞ্চ দাপানো বাংলা গানের দল ‘দলছুট’৷ গোরা চক্রবর্তী জানিয়েছেন, এবার ভূপেন হাজরিকা, সলিল চৌধুরী এবং গৌরী প্রসন্ন ভট্টাচার্যের জন্মশতবর্ষ৷ এই উপলক্ষে গানে গানে তিন মহান শিল্পীকে শ্রদ্ধা জানানো হবে ৷ গীতিকার-সুরকার সুরেন চক্রবর্তী স্মরণেও অনুষ্ঠান হবে এবার৷ এছাড়া মঞ্চ উৎসর্গ করা হয়েছে জুবিন গর্গ, নির্মল আচার্য, রঞ্জিত পুরকায়স্থ এবং রাজু দেবের নামে৷



