Barak UpdatesAnalyticsBreaking News
শিবসুন্দরী নারী শিক্ষাশ্রমে ১৬ মে থেকে পুরুষদেরও চিকিৎসা

ওয়ে টু বরাক, ১১ মে : শিলচরের ঐতিহ্যবাহী শিবসুন্দরী নারী শিক্ষাশ্রমে এ বার শুরু হচ্ছে পুরুষদেরও চিকিৎসা। আগামী ১৬ মে থেকে হাসপাতাল চত্বরে পুরুষদের জন্য ওপিডি পরিষেবা শুরু হচ্ছে। সপ্তাহের ৭ দিনই চলবে এই ওপিডি পরিষেবা। সাংবাদিক বৈঠক করে এই নতুন তথ্য দিলেন নারী শিক্ষাশ্রম কর্তৃপক্ষ।
হাসপাতাল পরিচালন সমিতির সম্পাদক তথা প্রাক্তন সাংসদ ডাঃ রাজদীপ রায় জানান, পুরুষদের জন্য চালু হওয়া ওপিডিতে মোট ৫ জন চিকিৎসক রোগী দেখবেন। এঁরা হলেন, শ্রীয়াংশ সিপানি, নবজ্যোতি দে, বিজয়শঙ্কর কৈরি, রূপম দাস ও অনন্যা দত্তরায়। পুরুষদের পাশাপাশি এঁরা মহিলাদেরও চিকিৎসা করবেন। রাজদীপ নিজেও সপ্তাহে ৫ দিন এখানে অর্থোপেডিকের রোগী দেখবেন বলে জানিয়েছেন।
সমিতির সভাপতি অংশুকুমার রায় জানান, ১৯৩২ সালে এখানে প্রসূতি হাসপাতাল চালু করা হয়। এরপর শিশুদের চিকিৎসা শুরু হয়। এখন ৫ বিঘা জমিতে অত্যাধুনিক হাসপাতাল গড়ে উঠেছে। রাজদীপ জানান, নতুন হাসপাতালটি ১০০ শয্যার করা হয়েছে। প্রতি বছর এখানে সাড়ে ৩ হাজারের মতো নবজাতকের জন্ম হয়। তিনি আরও জানান, আগামী কয়েক দিনের মধ্যেই ২৫ শয্যার নিওনাটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট চালু হচ্ছে। সঙ্গে থাকবে ৫ শয্যার অত্যাধুনিক আইসিইউ। এই হাসপাতালে এখন থেকে ল্যাপারোস্কোপিক অর্থাৎ পিনহোল সার্জারিও করানো যাবে।



