NE UpdatesAnalyticsBreaking News
৮ নয়, সুধাকণ্ঠের জন্মশতবর্ষ অনুষ্ঠানে যোগ দিতে ১৩ সেপ্টেম্বর অসমে আসছেন প্রধানমন্ত্রী

গুয়াহাটি, ২৩ আগস্ট : পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অসম সফর হওয়ার কথা থাকলেও বিশেষ কারণে তাঁর সফরের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এখন তিনি ১৩ সেপ্টেম্বর আসবেন বলে নির্ধারিত হয়েছে। ৮ সেপ্টেম্বর ভরতরত্ন ভূপেন হাজরিকার জন্ম শতবর্ষ উপলক্ষে গুয়াহাটিতে একাধিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রীর সফরসূচি সামান্য পরিবর্তন হওয়ার পর শুক্রবার বিকেলে মুখ্যমন্ত্রী দিল্লির উদ্দেশে রওনা দেন। মুখ্যমন্ত্রীর দফতর এবং সংস্কৃতি মন্ত্রী বিমল বরার বিভাগ থেকে জানানো হয়েছে, ভূপেন হাজরিকার জন্ম শতবর্ষ উদ্যাপন এখন ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে।
উল্লেখ্য, চলতি বছরের ১৩ এপ্রিল অসম সরকারের মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছিল, ৮ সেপ্টেম্বর ভূপেন হাজরিকার জন্মদিন থেকে তাঁর জন্ম শতবর্ষ বছরব্যাপী কর্মসূচির মাধ্যমে উদ্যাপন করা হবে। সেই অনুযায়ী ড. ভূপেন হাজরিকার জন্ম শতবার্ষিকী ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর শুরু হয়ে ২০২৬ সালের ৮ সেপ্টেম্বর সমাপ্ত হবে।
এই উপলক্ষে ৮ সেপ্টেম্বর শতবর্ষ উদ্যাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীর অংশগ্রহণ করার কথা থাকলেও আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য উপ-রাষ্ট্রপতি নির্বাচনের কারণে তাঁর সফর পিছিয়ে ১৩ সেপ্টেম্বর নির্ধারিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।



