Barak UpdatesAnalyticsBreaking News
শিলচর থেকে গুয়াহাটি হয়ে নতুনদিল্লি পর্যন্ত ইন্ডিগোর নতুন বিমান পরিষেবা

ওয়ে টু বরাক, ৭ আগস্ট : আগামী ২০ সেপ্টেম্বর থেকে শিলচর ও নতুন দিল্লির মধ্যে বিমান পরিষেবা শুরু হচ্ছে। তবে এই বিমান যাত্রা হবে গুয়াহাটি ছুঁয়ে। অর্থাৎ যাওয়া ও আসার এই বিমান পরিষেবা চালু হবে গুয়াহাটি হয়ে। বিমান সংস্থা ইন্ডিগো এই পরিষেবা শুরু করছে।
এই পরিষেবার সূচি অনুযায়ী, নতুনদিল্লি থেকে ভোর ৪.৪৫ মিনিটে বিমানটি রওনা হয়ে সকাল ৭.৪০ মিনিটে পৌছবে গুয়াহাটি। তারপর গুয়াহাটি থেকে ফের রওনা দিয়ে শিলচরে এসে পৌছবে সকাল ৮.২০ মিনিটে। একইভাবে শিলচর থেকে বিমানটি দিল্লির উদ্দেশে রওনা হবে সকাল ৯.২০ মিনিটে। সকাল ১০.৪০ মিনিটে এটি পৌছবে গুয়াহাটি। এরপর ফের রওনা দিয়ে দুপুর ১.২০ মিনিটে নতুন দিল্লি পৌছবে।
এই নতুন বিমান পরিষেবা নিয়ে বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে মুখ্যমন্ত্রী ও ইন্ডিগো কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মন্ত্রী কৌশিক রাই। তিনি লিখেছেন, মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার তৎপরতায় এই বিমান পরিষেবা শুরু হচ্ছে। এজন্য তিনি তাঁকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।


