Barak UpdatesHappeningsBreaking News
আরও কম্বল বিতরণ করল গুরুচরণ কলেজ ৭৯-বিজ্ঞান প্রাক্তনী সংস্থা

ওয়েটুবরাক, ২৯ ডিসেম্বর: গুরুচরণ কলেজের (প্রাক্-বিশ্ববিদ্যালয়) ১৯৭৯ সালের বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের প্রাক্তনী সংস্থা সামাজিক ও অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে আবারও কম্বল বিতরণ করল। গতকাল ২৮ ডিসেম্বর এই দিনটি ছিল বছরের শীতকালীন ত্রাণ শিবিরের দ্বিতীয় দিন। এইদিন মোট দুইটি স্থানে শিবির আয়োজন করা হয় । প্রথম শিবির আয়োজিত হয় লেবুরবন্দ সংলগ্ন বৌলাবস্তিতে রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটি শিলচর পরিচালিত ফ্রি কোচিং সেন্টারে । সেখানে মোট ১১১টি কম্বল বিতরণ করা হয় । দ্বিতীয় শিবিরটি আয়োজিত হয় গোঁসাইপুর খণ্ডের অধীনে সংখ্যালঘু অধ্যুষিত চলিতাকান্দি গ্রামে । সেখানেও রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটি শিলচর পরিচালিত ফ্রি কোচিং সেন্টারের ছাত্রছাত্রীদের পরিবারে মোট ৩৬ টি কম্বল বিতরণ করা হয়েছে । প্রাক্তনী সংস্থার পক্ষ থেকে অভিজিৎ রায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, তাদের এই সংস্থা এক দীর্ঘ মেয়াদী পরিকল্পনার অধীনে এই সেবামূলক কর্মসূচি করে থাকে। সংস্থা বিশ্বাস করে, বর্তমান সমাজে সমস্ত সামাজিক অবক্ষয়ের মূল কারণ শিক্ষার অভাব। রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটি দীর্ঘ দিন ধরে প্রত্যন্ত এলাকায় শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছে ।

তিনি আরও বলেন, ত্রাণ বিতরণে রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির এই সকল সেন্টার বেছে নেওয়ার পিছনে দুটো উদ্দেশ্য । প্রথমত, নিড বেসড সার্ভের মাধ্যমে সঠিক বেনিফিশিয়ারি নির্ধারণ এবং দ্বিতীয়ত, এই ত্রাণ শিবিরের মাধ্যমে পিছিয়ে পড়া সমাজে শিক্ষার প্রসারে উৎসাহিত করা । এদিনের এই শিবিরে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন অধ্যাপক অজয় রায়, অমলেন্দু দে, সুশান্ত গুপ্ত, গিরিজা পাল, অভিজিৎ রায়, শুভেন্দু সাহা, অরিন্দম ভট্টাচার্য, মানবেন্দ্র দাস ও সুপ্রদীপ দত্তরায় ।

উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর গুরুচরণ কলেজের এই ৭৯-বিজ্ঞান প্রাক্তনী সংস্থা ইনার হুইল ক্লাবের সহযোগিতায় রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির চন্দ্রনাথপুর অঞ্চল স্থিত মোট সাতটি সেন্টারে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করে।



