India & World UpdatesHappeningsBreaking News
যান্ত্রিক ত্রুটিতে ঢাকায় জরুরি অবতরণ এয়ার অ্যাম্বুল্যান্সের, রোগীর মৃত্যু

ওয়েটুবরাক, ১৮ অক্টোবর: ত্রিপুরা থেকে কলকাতায় রোগী নিয়ে যাবার সময় একটি এয়ার অ্যাম্বুল্যান্সে যান্ত্রিক গোলযোগ দেখা দিলে বিমানটি বাংলাদেশের ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) জরুরি অবতরণ করে। ওই বিমানে থাকা ৫৬ বছরের রোগী অঞ্জনা ভৌমিককে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
আগরতলা বিমানবন্দরের সূত্রের খবর, অঞ্জনা আগরতলা বিমানবন্দরের ম্যানেজার পদে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি গৌহাটির রামকৃষ্ণ মিশন এলাকায়। তিনি আগরতলা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রবিবার তাঁকে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছিল।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক সূত্র জানিয়েছেন, “এয়ার অ্যাম্বুলেন্সটি ত্রিপুরার আগরতলা থেকে কলকাতা যাচ্ছিল। পথে যান্ত্রিক ত্রুটির কারণে এর দরজা খুলে যায়। ফলে এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে ঢাকায় অবতরণের অনুমতি চায়। অবতরণের পর এয়ার অ্যাম্বুলেন্সটিতে থাকা রোগীকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
বাংলাদেশ অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমানটি ১২ হাজার ফুটের বেশি উচ্চতায় ওঠার সময় কেবিনের বায়ুচাপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় সমস্যা দেখা দেয়। এর ফলে বিমানের মূল দরজাটি ক্ষতিগ্রস্ত হয় এবং আংশিক ভাবে খুলে যায়।
বিমানযাত্রীদের মধ্যে ছিলেন চিকিৎসক ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান, রোগী অঞ্জনা, তাঁর সঙ্গে থাকা সহযাত্রী সান্তা ভৌমিক এবং দীপ জ্যোতি মুসরিপ। বিমানটির পাইলট ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ। সহকারী পাইলট হিসেবে দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন তনুজ শর্মা।



